দাদি, চাচা ও চাচিকে কেন বা কার নির্দেশে হত্যার করলেন, এ ব্যাপারে রিমান্ডে এখনো পুলিশকে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন তৌফিকুর রহমান সুমন। এমনকি খুনের সময় কারা তাঁর সহযোগী ছিলেন, এ নিয়েও পরিষ্কার করে কিছু বলছেন না তিনি।মামলাটি তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল ডিবির উপকমিশনার মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, যাত্রাবাড়ীতে নৃশংসভাবে এই তিন খুনের ঘটনা নিজে ঘটিয়েছেন বলে সুমন স্বীকার করেছেন। কিন্তু খুনের উদ্দেশ্য সম্পর্কে একেক সময় একেক রকম বক্তব্য দিচ্ছেন। সুমনের এ সংক্রান্ত বক্তব্য যুক্তিযুক্ত মনে হচ্ছে না।ডিবি কর্মকর্তারা মনে করছেন, খুনের ঘটনায় আরও একাধিক ব্যক্তি জড়িত রয়েছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারের বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে মনিরুল ইসলাম জানান। তিনি বলেন, বাকিদের গ্রেপ্তার করা গেলে পুরো বিষয়টি স্পষ্ট হবে।গত বৃহস্পতিবার সকালে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে নিজ বাড়িতে খুন হন ব্যবসায়ী মিজানুর রহমান (৫৫), তাঁর মা সুফিয়া খাতুন (৭৬) ও স্ত্রী বীথি রহমান (৪৫)। এ ঘটনায় মিজানুর রহমানের ভাতিজা সুমনকে গ্রেপ্তার করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলাটির তদন্ত তদারক কর্মকর্তা ডিবির সহকারী কমিশনার গোলাম আজাদ খান জানান, সুমন কেন খুন করতে গেলেন, এ ব্যাপারে বিভ্রান্তির কথা বলছেন। খুনের নির্দেশদাতা হিসেবে একেক সময় একেকজনের নাম বলেছেন এবং তাঁর সঙ্গীদের সম্পর্কে দেওয়া তথ্যেও গরমিল রয়েছে। তাই তাঁর দেওয়া তথ্য ও নামগুলো সম্পর্কে ভালোভাবে যাচাই করা হচ্ছে।এ খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়া বাড়ির দারোয়ান আকবর আলী ঘটনায় জড়িত কি না, তা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেনি ডিবি। তবে দারোয়ান আকবর আলী পুলিশকে বলেছেন, তিনি শুধু তৌফিকুরকে রক্তমাখা জামাকাপড়ে ওই বাড়ি থেকে বের হয়ে যেতে দেখেছেন। আর কাউকে বের হতে দেখেননি।