খুনের কথা অকপটে স্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানের কালাচাঁদপুরের বাড়িতে ঢুকে ব্যবসায়ী সাদেকুর রহমান ও তাঁর স্ত্রী রোমানা নার্গিস হত্যার কথা অকপটে স্বীকার করেছেন মূল অভিযুক্ত রুবেল (২৫)। গতকাল রোববার ভোরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ঝালকাঠি সদর উপজেলার গাবখান থেকে হত্যা মামলার অপর আসামি বন্ধু মিথুন চন্দ্র চন্দকে (২৫) ও ভগ্নিপতি রাব্বি হোসেনসহ (২৮) রুবেলকে গ্রেপ্তার করে।গতকাল রোববার ডিবি কার্যালয়ে কর্মকর্তাদের উপস্থিতিতে রুবেল গণমাধ্যমের কর্মীদের কাছে হত্যার কথা স্বীকার করেন। তিনি বলেন, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান এবং তাঁকে গালাগাল দেওয়ায় তিনি সাদেকুর রহমান ও রোমানা নার্গিসকে গুলি করে হত্যা করেন। মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক সংবাদ সম্মেলনে বলেন, ২৪ মার্চ ব্যবসায়ী দম্পতিকে গুলি করে বন্ধু মিথুনকে নিয়ে পালিয়ে যান রুবেল। এ ব্যাপারে গুলশান থানায় মামলা হলে থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশও তদন্ত শুরু করে। ডিবির উপকমিশনার মাহবুবুর রহমানের নির্দেশে ও অতিরিক্ত উপকমিশনার মোল্লা নজরুল ইসলামের তত্ত্বাবধানে গোপন তথ্যের ভিত্তিতে এবং মোবাইল ফোনের সূত্র ধরে গতকাল ভোর সাড়ে চারটায় ঝালকাঠির গাবখানে রুবেলের ভগ্নিপতির বাসায় অভিযান চালানো হয়। ওই বাসা থেকেই রুবেল ও মিথুনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হত্যায় সরাসরি জড়িত বলে স্বীকার করেন। খুনিদের আশ্রয় দেওয়ার অভিযোগে রুবেলের ভগ্নিপতি রাব্বি হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।কমিশনার জানান, জিজ্ঞাসাবাদে রুবেল দাবি করেছেন, ব্যবহারের পর অস্ত্র তিনি ফেলে দিয়েছেন। শিগগিরই অস্ত্রটি উদ্ধার করা সম্ভব হবে বলে কমিশনার আশা প্রকাশ করেন। কমিশনার বলেন, এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে রুবেল মাদকসেবী ও বখাটে স্বভাবের। দিনভর এলাকায় মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়াতেন। তবে ডাক্তারি পরীক্ষা করে রুবেল মাদকাসক্ত কি না, তা নিশ্চিত হওয়া যাবে।এর পর রুবেল, মিথুন ও রাব্বিকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। রুবেল ওই দম্পতিকে গুলি করে হত্যার কথা অকপটে স্বীকার করেন। তিনি ঘটনার বিশদ বর্ণনাও দেন। রুবেল বলেন, ‘গত ২৪ মার্চ সকালে আমি স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে চারটি গুলিসহ একটি রিভলবার নিয়ে কালাচাঁদপুরের ওই বাসায় রওনা দিই। এর আগে বন্ধু মিথুনকে মুঠোফোনে ডেকে এনে সঙ্গে নিই। আমরা বাসায় ঢুকে ড্রইং রুমে বসি। এর মধ্যে সাদেকুর রহমান এসে সোফায় বসেন। আমি তাঁর ছোট মেয়েকে আমার সঙ্গে বিয়ে দিতে আনুরোধ করি। তিনি ক্ষুব্ধ হয়ে আমাকে অশ্লীল গালাগাল দেন। তিনি বলেন, মেয়েকে নিয়ে আমি মালয়েশিয়া চলে যাব। এ পর্যায়ে আমি মাথা ঠিক রাখতে পারিনি। কোমর থেকে পিস্তল বের করে তাঁর মাথা লক্ষ্য করে গুলি করি। তাঁর স্ত্রী এগিয়ে এলে তাঁকেও গুলি করি। এর পর মিথুনকে নিয়ে পালিয়ে যাই।’ বিয়ের প্রস্তাব দিতে কেন অস্ত্র নিয়ে গেলেন জানতে চাইলে রুবেল দাবি করেন, ভয় দেখাতে অস্ত্র সঙ্গে নিয়ে গিয়েছিলেন। তবে রুবেল দাবি করেন, সাদেকের ছোট মেয়ের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল আড়াই বছর ধরে। ঘটনার আগের রাতে ওই বাসায় গিয়ে জানালা দিয়ে তিনি দেখেন মেয়েটি ইন্টারনেটে অন্য যুবকের সঙ্গে চ্যাট (আলাপ) করছে। রুবেল দাবি করেন, তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ শ্রেণীতে পড়েন। তিনি মাদকাসক্ত নন। মিথুন সাংবাদিকদের বলেন, ‘রুবেলের সন্দেহ ওই মেয়ের সঙ্গে আমার প্রেম ছিল। মুখোমুখি করাতেই রুবেল মেয়েদের বাসায় আমাকে ডেকে নিয়ে গিয়েছিল। কিন্তু মেয়েটির বাবার সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে রুবেল পিস্তল বের প্রথমে গুলি চালায়। আমি রুবেলের সঙ্গে গিয়ে ফাঁইসা গেছি।’ মিথুন বলেন, ঘটনার পর তাঁরা প্রথমে নারায়ণগঞ্জে এবং পরে রুবেলের ভগ্নিপতি রাব্বির ঝালকাঠির বাসায় গা-ঢাকা দেন।আমাদের ঝালকাঠি প্রতিনিধি জানান, স্থানীয় থানা পুলিশের সহায়তায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রোববার ভোর চারটায় প্রথমে ঝালকাঠির সারেঙ্গল গ্রামে গ্রেপ্তারকৃত বাব্বির মামা আলমগীর হোসেনের বাড়িতে অভিযান চালায়। কিন্তু সেখানে কাউকেই পাওয়া যায়নি। পরে আলমগীর হোসেনের দেওয়া তথ্য অনুযায়ী পার্শ্ববর্তী রাব্বির বড় চাচা রব মুন্সির (৭০) বাড়িতে অভিযান চালিয়ে রুবেল, মিথুন এবং রাব্বিকে গ্রেপ্তার করা হয়। অভিযানে অংশগ্রহণকারী ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক মাহামুদুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত তিনজন এবং রাব্বির স্ত্রী ও তাঁর এক বছরের শিশুপুত্র রাব্বির চাচার বাড়িতে বারান্দায় ঘুমিয়ে ছিলেন। পুলিশ বাড়ির কাউকে না ডেকে কৌশলে দরজা খুলে বিনা বাধায় তাঁদের গ্রেপ্তার করে। রাব্বির চাচা আবদুর রব মুন্সি বলেন, গত শনিবার রাত আটটায় তাঁর ভাতিজা রাব্বি প্রায় তিন বছর পর শ্যালক পরিচয় দিয়ে অন্য দুই যুবককে নিয়ে আসেন। সঙ্গে রাব্বির স্ত্রীও ছিলেন। খাওয়া-দাওয়ার পর তাঁরা রাত ১০টায় বারান্দায় ঘুমিয়ে পড়েন। খুব ভোরে পুলিশ আসে। এর বেশি কিছু জানি না। রাব্বির ভাবি মিনারা বেগম বলেন, অনেক দিন পর রাব্বি বেড়াতে এলেও তাঁদের দেখে মনে হয়নি তাঁরা দুটি খুন করে এসেছেন। রাব্বি ঢাকায় কী করেন, তা তাঁর আত্মীয়স্বজন বলতে পারেনি। আমাদের লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, খুনিদের ফাঁসি এবং নিহত দম্পতির পরিবারের সদস্যদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল সকাল ১০টায় লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ চৌরাস্তা বাজারে এলাকাবাসী এই মানববন্ধন করে। চৌরাস্তার সব দোকানি দোকান বন্ধ করে মানববন্ধনে অংশ নেন। আমাদের মানিকগঞ্জ প্রতিনিধি জানান, খুনিদের ফাঁসির দাবিতে গতকাল সকালে নার্সারি মালিক সমিতি ঢাকার সাভারের আশুলিয়ায় আবদুল্লাপুর-বাইপাইল সড়কে মানববন্ধন করেছে। বেলা ১১টার দিকে দুই শতাধিক লোক হাতে হাত রেখে দাঁড়িয়ে পড়েন বাজারের পাশে সড়কে। এক ঘণ্টা চলে এই মানববন্ধন।