খুনের মামলা ট্রাইব্যুনালে দেওয়া নিয়ে তদবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশাসনিক সুপারিশ রয়েছে, কিন্তু প্রতিমন্ত্রী পর্যায়ের একজন কর্মকর্তা ও আওয়ামী লীগের স্থানীয় নেতারা এক খুনের মামলার আসামিকে দলের ‘একনিষ্ঠ কর্মী’ চিহ্নিত করে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে না নিতে তদবির করেছেন। অন্যদিকে একজন সাংসদ মামলাটি ওই আদালতে স্থানান্তর করার পক্ষে ও বিপক্ষে—দুই ধরনের সুপারিশই করেছেন। এ নিয়ে থমকে আছে মামলাটির অগ্রগতি।২০০৯ সালের ২৫ জুলাই কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মনোহরপুর এলাকায় সন্ত্রাসীরা প্রকাশ্যে গুলি করে হত্যা করে এলাকার জনপ্রিয় চেয়ারম্যান জামিল হোসেনকে। এই মামলার প্রধান আসামি কয়া ইউনিয়নের ঘট্টিয়া গ্রামের ইব্রাহীম আলী। জামিল হোসেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। অন্যদিকে আসামি ইব্রাহীম আলী ১৭ বছর ধরে উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক। হত্যাকাণ্ডের পরদিন নিহত জামিলের ছোট ভাই জিয়াউল ইসলাম বাদী হয়ে কুমারখালী থানায় ১০ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেছিলেন। তদন্ত শেষে মামলাটি কুষ্টিয়া আদালতে ওঠে।চাঞ্চল্যকর মামলা পরিচালনা-সংক্রান্ত জেলা তদারক কমিটি মামলাটিকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করে। কিন্তু একজন প্রতিমন্ত্রী, স্থানীয় সাংসদ ও রাজনৈতিক নেতারা এটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর না করার সুপারিশ করেছেন। এসব সুপারিশসহ আধা সরকারি পত্র (ডিও লেটার) ও চিঠি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। প্রতিমন্ত্রী গত মাসে বিষয়টি দেখার জন্য জ্যেষ্ঠ স্বরাষ্ট্রসচিবকে নির্দেশ দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।এদিকে স্থানীয় একজন সাংসদ এই খুনের ‘সুবিচারের জন্য’ মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে দিতে বাদীর পক্ষে ডিও লেটার দিয়েছেন। কৌতূহলের বিষয় হচ্ছে, এই একই সাংসদ আবার মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে না দেওয়ার জন্য আসামির পক্ষেও সুপারিশ করেছেন। তবে সংশ্লিষ্ট সাংসদ তাঁর নামে মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে না দেওয়ার চিঠি জাল বলে দাবি করেছেন।এই মামলার বাকি আসামিদের মধ্যে রয়েছেন প্রধান আসামি ইব্রাহীমের দুই ভাই ও এক ছেলে। আসামিদের মধ্যে একজন বাদে সবাই জামিনে আছেন।কে এই ইব্রাহীম: এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ইব্রাহীম আলী ১৭ বছর ধরে কুমারখালী উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক। পুলিশের সন্ত্রাসী তালিকায় তাঁর নাম রয়েছে। জেলে থাকা অবস্থাতেই ২০১১ সালে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হন তিনি। নির্বাচনে নিহত জামিল হোসেনের ছোট ভাই জিয়াউল ইসলামের কাছে তিনি হেরে যান। নির্বাচনের সময় ইব্রাহীমের বিরুদ্ধে ১৯টি মামলা ছিল। সব মামলায় তিনি জামিনে আছেন। তাঁর বিরুদ্ধে পাঁচটি মামলা বিচারাধীন। কয়া ইউনিয়নের ঘট্টিয়া ঘাট, রায়ডাঙ্গা ও কয়া গ্রামে তিনি প্রভাবশালী।কুষ্টিয়া জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত বছরের শুরুর দিকে তখনকার জেলা প্রশাসক বনমালী ভৌমিক জামিল হোসেন হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুপারিশ পাঠান।মামলার বাদী জিয়াউল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘মামলার বিচারে দীর্ঘসূত্রতা করা হচ্ছে। আসামিরা সাক্ষী ও পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি দিচ্ছেন। এ ব্যাপারে কুমারখালী ও কুষ্টিয়া সদর থানায় সাধারণ ডায়েরি করা আছে।’ মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।অন্যদিকে আসামি ইব্রাহীম আলী প্রথম আলোকে বলেন, ‘আমি সামাজিক মানুষ। কুষ্টিয়া শহরে ব্যবসাপ্রতিষ্ঠান আছে। এ ছাড়া এলাকায় বিভিন্ন স্কুল-কলেজের উন্নয়ন করেছি। এতে ঈর্ষান্বিত হয়ে কিছু মানুষ বাধা সৃষ্টি করেছে। জামিল হোসেন যেদিন মারা যান, সেদিন আমি চোখের পানি ফেলেছিলাম। তাঁর পরিবারের লোকজনকে হুমকি দেওয়ার কোনো প্রশ্নই আসে না।’পক্ষে-বিপক্ষে তোড়জোড়: প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান (প্রতিমন্ত্রীর মর্যাদাপ্রাপ্ত) মির্জা আবদুল জলিল মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে না পাঠাতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর কাছে নিজ সংস্থার প্যাডে চিঠি দিয়েছেন। এতে উল্লেখ করা হয়েছে, কুমারখালী থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক হিসেবে ইব্রাহীম আলী দলীয় রাজনৈতিক কর্মকাণ্ডে একনিষ্ঠভাবে দায়িত্ব পালন করেছেন। বিগত চারদলীয় জোট সরকারের আমলে তিনি বিভিন্নভাবে নির্যাতিত ও ষড়যন্ত্রের শিকার হয়েছেন। তাঁর বিরুদ্ধে একটি ‘হয়রানিমূলক মিথ্যা মামলা’ রুজু করা হয়েছে। প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর না করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিশেষভাবে অনুরোধ করেন।ইব্রাহীম আলীর প্রশংসা করে প্রত্যয়নপত্র দিয়েছেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান খান ও সাধারণ সম্পাদক সামসুজ্জামান তরুণ, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান আবদুল আহাদ চৌধুরী।অন্যদিকে খোকসা-কুমারখালী আসনের সরকারদলীয় সাংসদ বেগম সুলতানা তরুণ দুই রকম সুপারিশ করেছেন। গত ২ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে পাঠানো সুপারিশে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে না পাঠানোর অনুরোধ জানান তিনি। কিন্তু এর আগে গত ১০ জানুয়ারি তিনিই দীর্ঘদিন ঝুলে আছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে দেওয়ার সুপারিশ করেন।এ বিষয়ে জানতে চাইলে সাংসদ বেগম সুলতানা তরুণ প্রথম আলোকে বলেন, ‘জামিল হোসেনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমি এই মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের সুপারিশ করেছি। কেউ আমার স্বাক্ষর জাল করে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে না দেওয়ার জন্য সুপারিশ করে থাকতে পারে। এ ধরনের গুরুতর অন্যায় যে-ই করে থাকুক না কেন, সে যদি আমার নিজের কোনো স্বজনও হয়, আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।’(প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন কুষ্টিয়া প্রতিনিধি তৌহিদী হাসান)