খুনের মামলায় বসুন্ধরা চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদে পুলিশের নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার কাউন্সিলর আহাম্মদ হোসেন হত্যা মামলায় বসুন্ধরার চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান শাহ আলমকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দিয়েছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যায় ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয় থেকে শাহ আলমের বারিধারার বাসভবন ও মতিঝিলের অফিসের ঠিকানায় এ নোটিশ পাঠানো হয়। গোয়েন্দা পুলিশের নোটিশে আগামী ১১ এপ্রিল বেলা ১১টায় শাহ আলমকে গোয়েন্দা পুলিশের দপ্তরে হাজির হওয়ার জন্য বলা হয়েছে। নোটিশের ব্যাপারে জানতে চাইলে বসুন্ধরা গ্রুপের মুখপাত্র (মিডিয়া অ্যাডভাইজার) মোহাম্মদ আবু তৈয়ব প্রথম আলোকে বলেন, তাঁরা এ ব্যাপারে কিছুই জানেন না।গোয়েন্দা পুলিশের পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা রুহুল আমীন বলেন, ফৌজদারি কার্যবিধির ১৬০ ধারায় শাহ আলমকে হাজির হওয়ার জন্য বলা হয়েছে। ওই ধারায় বলা হয়েছে, ‘প্রাপ্ত সংবাদ থেকে বা অন্য কোনোভাবে যদি প্রতীয়মান হয় যে, কোনো ব্যক্তি ঘটনার পরিস্থিতি অবগত আছে তবে এই অধ্যায় অনুসারে তদন্ত পরিচালনাকারী পুলিশ অফিসার লিখিত আদেশ দ্বারা তার নিজের থানার বা পাশের এরূপ ব্যক্তিকে তাহার সম্মুখে হাজির হতে বলতে পারবেন। এবং সেই ব্যক্তি উক্তরূপে হাজির হবেন।’ সূত্র জানায়, গোয়েন্দা পুলিশের চিঠিতে বলা হয়, ‘মামলাটি তদন্তকালে প্রাপ্ত তথ্য-প্রমাণে প্রকাশ পায় যে, মামলার অন্যতম সন্দিগ্ধ গ্রেপ্তারকৃত আসামি নাজিমউদ্দীন, মামলার ভিকটিম ৭০ নং ওয়ার্ড কমিশনার হাজি আহাম্মদ হোসেন ও তাঁর ভাইদের মালিকানাধীন পাক বাংলা হাউজহোল্ড (ম্যানু.) লি. নয়াটোলা, হাসনাবাদ, কেরানীগঞ্জ ঢাকার প্রতিষ্ঠানটিতে আপনাকে অংশীদার করার প্রস্তাব দিলে আপনি আসামি নাজিমউদ্দীনের প্ররোচনায় সম্পূর্ণ প্রতিষ্ঠানটি ক্রয় করার প্রস্তাব দেন। মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে উপরোক্ত প্রতিষ্ঠানটি ক্রয়-বিক্রয়ের বিষয়টি মামলার ঘটনার সহিত সংশ্লিষ্ট আছে কি না তাহার সত্যতা যাচাইয়ের জন্য এবং এই মামলায় বর্ণিত খুনের ঘটনায় খুনিদের অর্থায়নকারী গ্রেপ্তারকৃত নাজিমউদ্দীন চেয়ারম্যান জিজ্ঞাসাবাদে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য প্রদান করেছে যেগুলো যাচাইয়ের জন্য আপনাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বিধায় আগামী ১১ এপ্রিল সকাল ১১টায় ৫নং টিমের পুলিশ পরিদর্শক রুহুল আমিনের কার্যালয়ে হাজির হওয়ার জন্য অনুরোধ করা হইল।’গত ৯ ফেব্রুয়ারি আলুবাজারে কাউন্সিলর আহাম্মদ হোসেনকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। পরে এ ঘটনায় পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্য থেকে জানা যায়, কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের চেয়ারম্যান নাজিমউদ্দীন কাউন্সিলর আহাম্মদকে হত্যার জন্য কলকাতায় গিয়ে ডাকাত শহীদের সঙ্গে অর্ধকোটি টাকার চুক্তি করেন। সেই চুক্তি অনুযায়ী ডাকাত শহীদের অনুসারী শহীদুল ইসলাম ওরফে বিদ্যুতের তত্ত্বাবধানে কাউসার আরও কয়েজনকে সঙ্গে নিয়ে আহাম্মাদ হোসেনকে গুলি করে খুন করে।