খুনের মামলায় বসুন্ধরার মালিককে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলমকে খুনের মামলায় জিজ্ঞাসাবাদ করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল রোববার নির্ধারিত সময়ের সাড়ে ১১ ঘণ্টা পর রাত সাড়ে ১০টার দিকে তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে হাজির হন। দুই ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। রাত সাড়ে ১২টার দিকে তিনি ডিবি কার্যালয় থেকে বের হন।এর আগে রাত ১০টা ২৬ মিনিটে তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে হাজির হন। পুরান ঢাকার ওয়ার্ড কাউন্সিলর আহাম্মদ হোসেন হত্যা মামলার তদারককারী কর্মকর্তা সহকারী কমিশনার ছানোয়ার হোসেন, নাসিরউদ্দীন খান এবং তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক রুহুল আমিন বসুন্ধরার চেয়ারম্যান শাহ আলমকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদ শেষে রাত ১২টা ২৫ মিনিটে একটি টয়োটা এক্স করোলা গাড়িতে করে ডিবি কার্যালয় থেকে বের হন শাহ আলম। ডিবি কার্যালয়ের ফটক পেরিয়ে তাঁর গাড়িটি রাস্তায় নামার পরপরই আশপাশে অপেক্ষমাণ আরও ১০-১১টি গাড়ি শাহ আলমকে বহনকারী গাড়িটির পিছু নেয়। গাড়িবহরটি দ্রুতগতিতে তেজগাঁওয়ের দিকে চলে যায়।আহাম্মদ হোসেন হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শাহ আলমকে পুলিশ নোটিশ পাঠায় ৩ এপ্রিল। চিঠিতে তাঁকে ১১ এপ্রিল (গতকাল) বেলা ১১টায় ডিবি কার্যালয়ে তদন্ত কর্মকর্তার কক্ষে হাজির হতে বলা হয়। কিন্তু তিনি হাজির হন রাত ১০টা ২৬ মিনিটে। জিজ্ঞাসাবাদের ব্যাপারে বিস্তারিত তথ্য তাত্ক্ষণিকভাবে জানা যায়নি।দেশের প্রভাবশালী এই ব্যবসায়ীর খুনের মামলায় ডিবি কার্যালয়ে হাজির হওয়ার সংবাদ সংগ্রহ করতে গতকাল সকাল থেকেই সেখানে জড়ো হন গণমাধ্যমের কর্মীরা। শাহ আলম ‘আসছেন’, ‘বাসা থেকে বের হয়েছেন’, ‘এই এসে পড়লেন’ বলে দিনভরই কিছুক্ষণ পরপর সংবাদকর্মীদের কাছে নানাভাবে খবর আসছিল। সংবাদকর্মীদের মতো তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারাও ডিবি কার্যালয়ে অপেক্ষা করছিলেন। এভাবে দুপুর, সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যায়। সংবাদকর্মীদের কাছে খবর আসে, তাঁরা সেখান থেকে সরে এলে কোনো এক ফাঁকে শাহ আলম ডিবি কার্যালয়ে ঢুকে পড়বেন। তাই শ খানেক সংবাদকর্মীর সবাই টানা অপেক্ষা করতে থাকেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আবার খবর আসে, বসুন্ধরার চেয়ারম্যান আসছেন। এরপর রাতে বসুন্ধরার মালিকানাধীন দুটি পত্রিকার সম্পাদক, নির্বাহী সম্পাদক, বার্তা সম্পাদক, প্রধান প্রতিবেদকসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ সাংবাদিক ডিবি কার্যালয়ের ফটকের সামনে হাজির হন। তখন উপস্থিত অন্য সংবাদমাধ্যমের কর্মীরা সজাগ হন। এরই মধ্যে সংবাদকর্মীদের কয়েক দফা বিভ্রান্ত করার চেষ্টাও চলে। রাত ১০টা ২৬ মিনিটে একটি সাদামাটা গাড়িতে করে বসুন্ধরার চেয়ারম্যান হঠাৎ ডিবি কার্যালয়ে ঢুকে পড়েন। এ সময় শাহ আলমের সঙ্গে চালক ছাড়া আরও একজনকে গাড়িতে দেখা গেছে। শাহ আলমের হাজিরাকে কেন্দ্র করে ডিবি কার্যালয়ের সামনে নেওয়া হয়েছিল বাড়তি নিরাপত্তা।সংশ্লিষ্ট সূত্র জানায়, ডিবি কার্যালয়ে ঢোকার সময় প্রতিটি গাড়িতে নিরাপত্তা তল্লাশি চালানো হয়। এমনকি পুলিশ কমিশনারের গাড়িতেও নিরাপত্তা তল্লাশি করা হয়। কিন্তু বসুন্ধরার চেয়ারম্যানের গাড়িকে নিরাপত্তা তল্লাশি ছাড়াই ঢুকতে দেওয়া হয়। এ ছাড়া ডিবি কার্যালয়ে অভ্যাগতদের ঢোকার আগে ফটকে খাতায় নাম নিবন্ধনের রেওয়াজ থাকলেও এ ক্ষেত্রেও তা মানা হয়নি। শুধু তাই নয়, শাহ আলমের হাজির হওয়ার নির্ধারিত সময় ছিল বেলা ১১টা। কিন্তু তিনি হাজির হন সাড়ে ১১ ঘণ্টা পর। এ দীর্ঘ সময়ে তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা ডিবি কার্যালয়ে অপেক্ষা করছিলেন। এর আগে পুলিশের নোটিশ স্থগিত করতে শাহ আলম হাইকোর্টে রিট আবেদন করেন। ৭ এপ্রিল হাইকোর্ট নোটিশ স্থগিত না করে তাঁকে ডিবি কার্যালয়ে হাজির হতে বলেন। একই সঙ্গে তাঁকে হয়রানি-নির্যাতন না করতে নির্দেশ দেন আদালত।প্রসঙ্গত, গত ৯ ফেব্রুয়ারি পুরান ঢাকার আলু বাজারে ৭০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর (দক্ষিণ) যুবদলের সভাপতি আহাম্মদ হোসেনকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। এ ঘটনায় পুলিশ সাতজনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে ডাকাত শহীদের অন্যতম সহযোগী শহীদুল ইসলাম ওরফে বিদ্যুৎ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ওই সূত্রে এই হত্যার অর্থদাতা কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের চেয়ারম্যান নাজিম উদ্দিনকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়। নাজিমের দেওয়া তথ্যের ভিত্তিতে বসুন্ধরার চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠায় গোয়েন্দা পুলিশ।গোয়েন্দা পুলিশের নোটিশে বলা হয়, ‘মামলাটি তদন্তকালে প্রাপ্ত তথ্য প্রমাণে প্রকাশ পায় যে, মামলার অন্যতম সন্দিগ্ধ গ্রেপ্তারকৃত আসামি নাজিম উদ্দিন, মামলার ভিকটিম ৭০ নং ওয়ার্ড কমিশনার হাজি আহাম্মদ হোসেন ও তার ভাইদের মালিকানাধীন পাক বাংলা হাউজহোল্ড (ম্যানু.) লি. নয়াটোলা, হাসনাবাদ, কেরানীগঞ্জ ঢাকার প্রতিষ্ঠানটিতে আপনাকে অংশীদার করার প্রস্তাব দিলে আপনি আসামি নাজিম উদ্দিনের প্ররোচনায় সম্পূর্ণ প্রতিষ্ঠানটি ক্রয় করার প্রস্তাব দেন। মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে উপরোক্ত প্রতিষ্ঠানটি ক্রয়-বিক্রয়ের বিষয়টি মামলার ঘটনার সহিত সংশ্লিষ্ট আছে কি না, তাহার সত্যতা যাচাইয়ের জন্য এবং এই মামলায় বর্ণিত খুনের ঘটনায় খুনিদের অর্থায়নকারী গ্রেপ্তারকৃত নাজিম উদ্দিন চেয়ারম্যান জিজ্ঞাসাবাদে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য প্রদান করেছে, যেগুলো যাচাইয়ের জন্য আপনাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বিধায় আগামী ১১ এপ্রিল সকাল ১১টায় ৫ নং টিমের পুলিশ পরিদর্শক রুহুল আমিনের কার্যালয়ে হাজির হওয়ার জন্য অনুরোধ করা হইল।’