খুনের মামলায় বসুন্ধরার মালিককে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ
পুরান ঢাকার ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আহাম্মদ হোসেন হত্যা মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলমকে জিজ্ঞাসাবাদ করবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই খুনের মামলায় গ্রেপ্তার হওয়া কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের চেয়ারম্যান নাজিমউদ্দীন আহমদের দেওয়া তথ্যে শাহ আলমের নাম আসায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) মাহবুব আলম গত রাতে প্রথম আলোকে বলেন, আহাম্মদ হোসেন হত্যার ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য বসুন্ধরার চেয়ারম্যানকে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে ডাকা হবে। কারণ, গ্রেপ্তার হওয়া নাজিমউদ্দীনের বক্তব্যে শাহ আলমের সংশ্লিষ্টতার বিষয়টি উঠে এসেছে। নাজিমউদ্দীনের বক্তব্য যাচাই করতে এবং এ বিষয়ে আরও তথ্য জানতে শাহ আলমকে জিজ্ঞাসাবাদ করা হবে।যোগাযোগ করা হলে বসুন্ধরা গ্রুপের মুখপাত্র (মিডিয়া অ্যাডভাইজার) মোহাম্মদ আবু তৈয়ব প্রথম আলোকে বলেন, ‘পুলিশের এ ধরনের বক্তব্য সম্পূর্ণ অসত্য ও অসত্ উদ্দেশ্যপ্রণোদিত। নিহত ব্যক্তির সঙ্গে বসুন্ধরা গ্রুপের কোনো ব্যবসায়িক সম্পর্ক নেই, কোনো লেনদেনও ছিল না। তাই তাঁর সঙ্গে দ্বন্দ্ব থাকারও প্রশ্নই ওঠে না।’ তিনি বলেন, ‘আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। পুলিশ যদি নোটিশ দেয়, তবে আমরা আইনি পথেই জবাব দেব।’দেশের অন্যতম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের উল্লেখযোগ্য উদ্যোগ হলো: ইস্ট-ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট, মেঘনা সিমেন্ট কারখানা, বসুন্ধরা কাগজ কারখানা, বসুন্ধরা স্টিল, বসুন্ধরা এলপি গ্যাস, বসুন্ধরা টেকনোলজিস, বসুন্ধরা শিপিংসহ একাধিক প্রতিষ্ঠান। সম্প্রতি তারা কালের কণ্ঠ ও বাংলাদেশ প্রতিদিন নামে দুটি দৈনিক পত্রিকা বের করেছে।বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান শাহ আলমের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলা, কর ফাঁকির অভিযোগে এনবিআরের মামলাসহ ১৪টি মামলা আছে। দুটি মামলায় তাঁর ১০ বছরের সাজাও হয়েছে। এর মধ্যে ২০০৭ সালের ৩০ সেপ্টেম্বর কর ফাঁকির দায়ে শাহ আলমের আট বছরের কারাদণ্ড হয়। একই অপরাধে তাঁর স্ত্রী আফরোজা বেগম, তিন ছেলে সাদাত সোবহান, সাফায়েত সোবহান ও সায়েম সোবহানকেও আট বছর করে সাজা দেন আদালত। তাঁদের আট কোটি ৩০ লাখ টাকা জরিমানাও করা হয়। এ ছাড়া সাব্বির হত্যা মামলায় শাহ আলমের ছেলেকে ধরতে ইন্টারপোলের সাহায্যও চাওয়া হয়েছিল।খুন, গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদ এবং...: গত ৯ ফেব্রুয়ারি পুরান ঢাকার আলুবাজারে কাউন্সিলর আহাম্মদ হোসেনকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্য থেকে জানা যায়, কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের চেয়ারম্যান নাজিমউদ্দীন কাউন্সিলর আহাম্মদকে হত্যার জন্য কলকাতায় গিয়ে ডাকাত শহীদের সঙ্গে অর্ধকোটি টাকায় চুক্তি করেন। চুক্তি অনুযায়ী, ডাকাত শহীদের অনুসারী শহীদুল ইসলাম ওরফে বিদ্যুতের তত্ত্বাবধানে কাউসার আহমেদ আরও কয়েকজনকে নিয়ে আহাম্মদ হোসেনকে গুলি করে হত্যা করেন।আটক নাজিমউদ্দীন চেয়ারম্যানের দেওয়া তথ্য উদ্ধৃত করে গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা বলেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে দেশের অন্যতম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলমের সংশ্লিষ্টতা খুঁজে পাচ্ছে গোয়েন্দারা। এ জন্য তাঁকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, কেরানীগঞ্জের হাসনাবাদে ‘পাক-বাংলা হাউজহোল্ড ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ নামে একটি কারখানা স্থাপন করেন আহাম্মদ হোসেনসহ কয়েকজন। এখানে তৈরি হয় গ্যাসের সিলিন্ডার, মেলামিন সামগ্রী, সিরামিক সামগ্রীসহ অন্যান্য তৈজসপত্র। কারখানাটির অন্য মালিকেরা হলেন আহাম্মদ হোসেনের বড় ভাই মোহাম্মদ হোসেন, ছোট ভাই মাকসুদ হোসেন ও নাজিমউদ্দীন চেয়ারম্যান। প্রতিষ্ঠানের মোট চার হাজার শেয়ারের মধ্যে মোহাম্মদ হোসেনের নামে আছে দুই হাজার ৪০টি, নাজিমউদ্দীন চেয়ারম্যানের নামে এক হাজার ৩৬০টি, আহাম্মদ হোসেনের নামে ৪০০টি এবং মাকসুদের নামে ২০০টি শেয়ার রয়েছে।কোম্পানির কাগজপত্রের বরাত দিয়ে পুলিশ জানায়, ২০০৪ সালের ২১ সেপ্টেম্বর প্রতিষ্ঠানের যন্ত্রপাতি দেশে আসে, ২০০৫ সালে উত্পাদনে যায় এবং বেশ কিছু সিলিন্ডার তৈরি ও বাজারজাত শুরু হয়। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) কোম্পানিগুলোর কাছে এ সিলিন্ডারের বেশ চাহিদা তৈরি হয়। কিন্তু এর মধ্যে উদ্যোক্তারা অর্থসংকটে পড়েন। এ কারণে নাজিমউদ্দীনের পরামর্শে মোহাম্মদ হোসেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান শাহ আলমের কাছে কোম্পানির শেয়ার বিক্রির প্রস্তাব পাঠান। শাহ আলম সিলিন্ডার কারখানাটি পরিদর্শন করে তা সম্পূর্ণ কিনে নেওয়ার প্রস্তাব দেন। কিন্তু কাউন্সিলর আহাম্মদ হোসেনসহ তাঁর ভাইয়েরা কারখানাটি বিক্রি করে দিতে রাজি হননি। তার পরও কোম্পানিটি বিক্রির বিষয়ে মধ্যস্থতা করার চেষ্টা চালান নাজিম চেয়ারম্যান। তিনি আহাম্মদ ভাইদের সঙ্গে দফায় দফায় কথা বলেন। একপর্যায়ে তাঁদের ভয়ভীতিও দেখান। নাজিম বলেন, এ প্রস্তাবে রাজি না হলে পরে সমস্যা হবে।নাজিমউদ্দীনের বক্তব্য উদ্ধৃত করে পুলিশের কর্মকর্তারা আরও জানান, বসুন্ধরা গ্রুপের এলপি গ্যাসের ব্যবসা থাকায় তারা সিলিন্ডার তৈরির ওই কারখানাটি কেনার বিষয়ে আগ্রহী হয়ে ওঠে।নিহত কাউন্সিলরের ভাই ও প্রতিষ্ঠানের অংশীদার মাকসুদ হোসেন প্রথম আলোকে জানান, বসুন্ধরার মালিক শাহ আলম ২০০৫ সালে কারখানাটি পরিদর্শন করেছিলেন। নাজিম চেয়ারম্যান তাঁকে কারখানায় নিয়ে যান। তাঁরা চেয়েছিলেন, শাহ আলম তাঁদের প্রতিষ্ঠানে বিনিয়োগ করুক, কিন্তু তা আর হয়নি। এরপর তাঁরা চেয়েছিলেন, বসুন্ধরা যেন তাঁদের সিলিন্ডার কেনে। তবে বসুন্ধরা তাঁদের উত্পাদিত সিলিন্ডার কেনেনি।নিহত আহাম্মদের পরিবারের সদস্যরা জানান, খুনের ঘটনার কয়েক দিন আগেও এ বিষয়ে আহাম্মদ হোসেনের সঙ্গে দেনদরবার করেন নাজিম চেয়ারম্যান। কিন্তু একপর্যায়ে নাজিম চেয়ারম্যান কোম্পানিতে থাকা নিজের অংশ তাঁর জামাতাকে লিখে দেন।গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে নাজিম জানান, কেরানীগঞ্জে একটি হাউজিং প্রকল্প চালু করার সময় বসুন্ধরার চেয়ারম্যানের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা হয়। তাঁর কারণে স্থানীয় জমি-মালিকেরা প্রকল্পের জমি নিয়ে বিরোধিতা করেও কিছু করতে পারেননি। তবে প্রকল্প নিয়ে জমি-মালিকেরা দেড় শতাধিক সাধারণ ডায়েরি করেছেন। নাজিমের বক্তব্য উদ্ধৃত করে পুলিশ জানায়, প্রতিষ্ঠানের মালিক উপহার হিসেবে তাঁকে একটি ফ্ল্যাটও দিয়েছেন। ওই ফ্ল্যাটে তৃতীয় স্ত্রীকে নিয়ে তিনি থাকেন। এ ঘরে তাঁর একটি সন্তানও আছে। এরপর বসুন্ধরার সঙ্গে তিনি কেরানীগঞ্জে আরেকটি ও বরিশালের বাবুগঞ্জে একটি প্রকল্পে যুক্ত হন। বাবুগঞ্জের প্রকল্পে তিনি পরিচালক হিসেবে আছেন বলে জানান।পুলিশের কর্মকর্তারা আরও জানান, নাজিম চেয়ারম্যান গ্রেপ্তার হওয়ার পর থেকে তাঁকে এ মামলায় না জড়ানোর জন্য পুলিশের ওপর চাপ আসতে থাকে। তদবিরকারীদের মধ্যে সরকারি ও বিরোধী দলের কয়েকজন সাংসদ, প্রভাবশালী পুলিশ কর্মকর্তা, আমলা, সাংবাদিকসহ অভিনয়শিল্পীও আছেন।১৬৪ ধারায় জবানবন্দি: আহাম্মদ হত্যার সঙ্গে নাজিম চেয়ারম্যানের জড়িত থাকার বিষয়ে গতকাল আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তার ডাকাত শহীদের অনুসারী শহীদুল ইসলাম ওরফে বিদ্যুৎ। নাজিম চেয়ারম্যানের সঙ্গে ডাকাত শহীদের চুক্তি অনুসারে তাঁর (বিদ্যুতের) তত্ত্বাবধানে কাউসারসহ আরও কয়েকজন আহাম্মদ হোসেনকে গুলি করে হত্যা করে বলে জবানবন্দিতে উল্লেখ করেছেন বিদ্যুৎ। ঢাকা মহানগর হাকিম রাশেদ কবীরের আদালতে তাঁর জবানবন্দি রেকর্ড করা হয়।