খুনের মামলায় বসুন্ধরার মালিককে তলব
পুরান ঢাকার কাউন্সিলর আহাম্মদ হোসেন হত্যা মামলায় বসুন্ধরার চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলমকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ জারি করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয় থেকে বসুন্ধরার বারিধারার করপোরেট অফিস ও মতিঝিলের অফিসের ঠিকানায় এ নোটিশ জারি করা হয়। নোটিশে ১১ এপ্রিল (রোববার) বেলা ১১টায় শাহ আলমকে গোয়েন্দা পুলিশের দপ্তরে হাজির হতে বলা হয়েছে।জানতে চাইলে বসুন্ধরা গ্রুপের মুখপাত্র (মিডিয়া অ্যাডভাইজার) মোহাম্মদ আবু তৈয়ব প্রথম আলোকে বলেন, তাঁরা এ ব্যাপারে কিছুই জানেন না।গোয়েন্দা পুলিশের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা রুহুল আমীন বলেন, ফৌজদারি কার্যবিধির ১৬০ ধারায় শাহ আলমকে হাজির হওয়ার জন্য বলা হয়েছে। ওই ধারায় বলা আছে, ‘প্রাপ্ত সংবাদ থেকে বা অন্য কোনোভাবে যদি প্রতীয়মান হয় যে, কোনো ব্যক্তি ঘটনার পরিস্থিতি সম্পর্কে অবগত আছে, তবে এই অধ্যায় অনুসারে তদন্ত পরিচালনাকারী পুলিশ অফিসার লিখিত আদেশ দ্বারা তাঁর নিজের থানার বা পাশের এরূপ ব্যক্তিকে তাঁর সম্মুখে হাজির হতে বলতে পারবেন। এবং সেই ব্যক্তি উক্তরূপে হাজির হবেন।’গোয়েন্দা পুলিশের চিঠিতে বলা হয়, ‘মামলাটি তদন্তকালে প্রাপ্ত তথ্যপ্রমাণে প্রকাশ পায় যে, মামলার অন্যতম সন্দিগ্ধ গ্রেপ্তারকৃত আসামি নাজিমউদ্দীন, মামলার ভিকটিম ৭০ নং ওয়ার্ড কমিশনার হাজি আহাম্মদ হোসেন ও তাঁর ভাইদের মালিকানাধীন পাক-বাংলা হাউজহোল্ড (ম্যানু.) লি. নয়াটোলা, হাসনাবাদ, কেরানীগঞ্জ, ঢাকার প্রতিষ্ঠানটিতে আপনাকে অংশীদার করার প্রস্তাব দিলে আপনি আসামি নাজিমউদ্দীনের প্ররোচনায় সম্পূর্ণ প্রতিষ্ঠানটি ক্রয় করার প্রস্তাব দেন। মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে উপরোক্ত প্রতিষ্ঠানটি ক্রয়-বিক্রয়ের বিষয়টি মামলার ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আছে কি না, তার সত্যতা যাচাইয়ের জন্য এবং এই মামলায় বর্ণিত খুনের ঘটনায় খুনিদের অর্থায়নকারী গ্রেপ্তারকৃত নাজিমউদ্দীন চেয়ারম্যান জিজ্ঞাসাবাদে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য প্রদান করেছেন, যেগুলো যাচাইয়ের জন্য আপনাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বিধায় আগামী ১১ এপ্রিল বেলা ১১টায় ৫নং টিমের পুলিশ পরিদর্শক রুহুল আমিনের কার্যালয়ে হাজির হওয়ার জন্য অনুরোধ করা হইল।’গত ৯ ফেব্রুয়ারি আলুবাজারে কাউন্সিলর আহাম্মদ হোসেনকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। পরে এ ঘটনার পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্য থেকে জানা যায়, কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজিমউদ্দীন আহমেদকে হত্যার জন্য কলকাতায় গিয়ে ডাকাত শহীদের সঙ্গে অর্ধকোটি টাকার চুক্তি করেন। সেই চুক্তি অনুযায়ী ডাকাত শহীদের অনুসারী শহীদুল ইসলাম ওরফে বিদ্যুতের তত্ত্বাবধানে কাউসার আহমেদ আরও কয়েজনকে সঙ্গে নিয়ে আহাম্মদ হোসেনকে গুলি করে হত্যা করে।গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলমের সংশ্লিষ্টতা খুঁজে পাচ্ছেন তাঁরা। এ জন্য তাঁকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেওয়া হয়। নাজিম চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ থেকে পাওয়া তথ্য উদ্ধৃত করে গোয়েন্দা কর্মকর্তারা প্রথম আলোকে জানিয়েছেন, বসুন্ধরা গ্রুপের কর্মকর্তারা শুভাঢ্যার নাজিম চেয়ারম্যানকে ‘ডাইরেক্টর’ বলে সম্বোধন করতেন। বসুন্ধরা সিটির ১৩তম তলায় তাঁকে একটি অফিসও দেওয়া হয়েছিল। বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে তাঁকে একটি নিশান পেট্রোল গাড়িও দেওয়া হয়। সেই গাড়িটি বারিধারায় নাজিম চেয়ারম্যানের তৃতীয় স্ত্রীর কাছে রয়েছে। তাঁকে একটি ফ্ল্যাটও দেয় বসুন্ধরা। তৃতীয় স্ত্রীকে নিয়ে তিনি সেখানেই থাকতেন। এ মামলায় এর আগে গ্রেপ্তার করা বিদ্যুৎ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক বক্তব্য দিয়েছেন। তিনি খুনের জন্য নাজিম চেয়ারম্যানকে অভিযুক্ত করেন।