খুনের মামলায় ১২ আসামির নাম রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটারী গ্রামের বাসিন্দা পোশাকশ্রমিক আইয়ুব আলী হত্যা মামলার ১২ জন আসামিকে ওই মামলার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে তাঁদের অব্যাহতি দেওয়া হয়। অথচ অব্যাহতি পাওয়া আসামিদের মধ্যে ১১ জনই রাজনীতির সঙ্গে যুক্ত নন, মাত্র একজনের রাজনৈতিক পরিচয় রয়েছে।অব্যাহতি পাওয়া আসামিরা হলেন চরকাটারী গ্রামের জুয়েল, শাহীনুর, ইকবাল হোসেন, আরব আলী, শাহাবুদ্দিন মাস্টার, জয়নাল আবেদিন, মুছা বাগ, হোসেন বাগ, পাতাইরা ওরফে পাতু বাগ, রুহুল বাগ, বাটাল ওরফে নুরুল ইসলাম ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক জয়নাল আবেদিন।অন্যদিকে মামলার অভিযোগপত্রভুক্ত অন্য তিন আসামির বিরুদ্ধে বিচারকাজ চলবে। তাঁরা হলেন বাদীর ভাতিজা মিজানুর রহমান, রেজাউল ইসলাম ও খোরশেদ আলম। বাদী এঁদের মামলায় আসামি করার ব্যাপারে আপত্তি জানানোর পরও তাঁদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়নি।মামলা: মামলা সূত্রে জানা গেছে, নিহত আইয়ুব আলী (২০) সাভারের একটি সোয়েটার কারখানায় চাকরি করতেন। তাঁর সঙ্গে একই গ্রামের মর্তুজ বাগের মেয়ে মর্জিনাকে বিয়ে দেওয়ার প্রস্তাব পাঠানো হয়। প্রস্তাব প্রত্যাখ্যান করে আইয়ুবের সঙ্গে বিয়ে দেওয়া হয় ওই গ্রামেরই সাকাত মোল্লার মেয়ে শোভাকে। বিয়ের পর থেকেই মর্তুজ বাগের লোকজন আইয়ুবকে হত্যার হুমকি দিতে থাকেন। ২০০৪ সালের ১০ জুলাই সন্ধ্যায় প্রতিবেশী জুয়েল তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এর পর আইনজীবী জয়নাল আবেদিনের বাড়ির পেছনে ধানের খেতে নিয়ে ১১ জন মিলে চাপাতি, কুড়াল ও রামদা দিয়ে আইয়ুবকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।ঘটনার পর আইয়ুব আলীর বাবা আবু ছাইদ বাদী হয়ে ১১ জুলাই দৌলতপুর থানায় জয়নাল আবেদিন ছাড়া ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করেন।অভিযোগপত্র: তদন্ত শেষে দৌলতপুর থানা পুলিশ প্রধান আসামি জুয়েলকে বাদ দিয়ে ২০০৫ সালের ৩১ মে শাহীনুর, ইকবাল, আরব আলী, শাহাবুদ্দিন মাস্টার, জয়নাল আবেদিন, মুছা বাগ, হোসেন বাগ, পাতাইরা, রুহুল বাগ, নুরুল ইসলাম, কামরুল, রেজাউল ইসলাম, মিজানুর রহমান ও খোরশেদ আলমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। অতিরিক্ত চার আসামির মধ্যে মিজানুর রহমান ও রেজাউল ইসলাম বাদীর চাচাতো ভাইয়ের ছেলে। খোরশেদ আলম বাদীর চাচাতো বোনের ছেলে।অভিযোগপত্রে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানের বিরোধসহ দুই পরিবারের মধ্যে আগের আরও বিরোধের জের ধরেই অভিযোগপত্রভুক্ত আসামিরা পরিকল্পিতভাবে আইয়ুবকে খুন করেন। তবে ঘটনার সঙ্গে জুয়েলের সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় তাঁকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।বাদীর আপত্তি: বাদী আবু ছাইদ ২০০৫ সালের ২৫ জুন মানিকগঞ্জের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট (তৎকালীন) আদালতে অভিযোগপত্রের বিরুদ্ধে আপত্তি জানান। আপত্তিতে তিনি উল্লেখ করেন, জুয়েল বাড়ি থেকে ডেকে নেওয়ার পর এজাহারভুক্ত আসামিসহ আরও কয়েকজন মিলে তাঁর ছেলেকে হত্যা করেন। তাঁর মেজো ছেলে সুজায়েত খুব কাছ থেকে ওই ঘটনা দেখে চিৎকার দিলে সাক্ষীরা ঘটনাস্থলে গিয়ে তা প্রত্যক্ষ করেন। এর পরও মামলার তদন্ত কর্মকর্তা আসামিপক্ষের দ্বারা প্রভাবিত হয়ে অভিযোগপত্রে বাদীপক্ষের গুরুত্বপূর্ণ সাক্ষী এবং নিকটাত্মীয় রেজাউল ইসলাম, মিজানুর রহমান ও খোরশেদ আলমকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করেন।বাদীর আপত্তির পরিপ্রেক্ষিতে আদালত গোয়েন্দা পুলিশকে (সিআইডি) মামলাটি আবার তদন্ত করে অভিযোগপত্র দাখিল করার নির্দেশ দেন। আদালতের নির্দেশে সিআইডি মানিকগঞ্জ অফিসের পরিদর্শক ও তদন্ত কর্মকর্তা আক্কাছ আলী খান আবার আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ওই অভিযোগপত্রে জুয়েলসহ ১৫ জনকে আসামি করা হয়।মামলা প্রত্যাহারের প্রক্রিয়া: অভিযোগপত্র দাখিলের পর মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত গত বছরের ২৫ ফেব্রুয়ারি মামলাটি আমলে নেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আসামি জয়নাল আবেদিনসহ ওই ১২ জন আসামি মামলাটিকে রাজনৈতিক হয়রানিমূলক উল্লেখ করে মামলার দায় থেকে অব্যাহতি পাওয়ার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পাবলিক প্রসিকিউটর (পিপি) তাঁদের অভিযোগ থেকে প্রত্যাহারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সুপারিশ করেন। এরই ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী আইন শাখা-১-এর সহকারী সচিব মোহাম্মদ আবু সাঈদ মোল্লা গত বছরের ৫ জুলাই এক আদেশে মামলা থেকে উল্লিখিত আসামিদের নাম প্রত্যাহারের জন্য মানিকগঞ্জের পিপিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী পিপি আবদুস সালাম মামলা থেকে ১২ জন আসামির নাম প্রত্যাহারের জন্য ২৪ আগস্ট মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ কিরণ শঙ্কর হালদার ২৮ নভেম্বর এক আদেশে ১২ আসামিকে মামলার অভিযোগ থেকে অব্যাহতি দেন।রাজনৈতিক বিবেচনা: পিপি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুস সালাম বলেন, ‘মামলার বাদী ও আসামিদের কেউ রাজনীতির সঙ্গে যুক্ত না থাকলেও অব্যাহতি পাওয়া আসামিরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার। এ কারণেই তাঁদের মামলার দায় থেকে অব্যাহতির সুপরিশ করা হয়।’জানা গেছে, মামলার আসামি আইনজীবী জয়নাল আবেদিন রাষ্ট্রপক্ষের কৌসূলি (জিপি) ও জেলা আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক মেহের উদ্দিনের জুনিয়র হিসেবে কাজ করেন। তাই মামলা থেকে অব্যাহতি পাওয়ার আবেদনটি রাজনৈতিক বিবেচনায় নিয়ে প্রত্যাহারের সুপারিশ করা হয় বলে অভিযোগ রয়েছে।তবে জিপি মেহের উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেছেন, রাজনৈতিক বিবেচনায় কোনো আসামিকে মামলা থেকে প্রত্যাহারের বিষয়টি খতিয়ে দেখেন জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পিপি। এখানে তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই।১১ আসামির রাজনৈতিক পরিচয় নেই: দৌলতপুরের চরকাটারী ইউনিয়নের কেউ জয়নাল আবেদিন ছাড়া অন্য ১১ আসামির কোনো রাজনৈতিক পরিচয়ের কথা জানাতে পারেনি। চরকাটারী ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি (বর্তমানে ভারপ্রাপ্ত সভাপতি) আবু বক্কর সিদ্দিক বলেন, ‘অ্যাডভোকেট জয়নাল আবেদিন ছাড়া বাদী ও আসামিদের কেউই কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন।’দৌলতপুর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, ১১ আসামির কেউ রাজনীতির সঙ্গে যুক্ত নন। তবে তাঁরা আওয়ামী লীগের নেতা-কর্মীদের কাছ থেকে নানা ফায়দা নেন।দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক বলেন, ‘আ্যাাডভোকেট জয়নাল আবেদিন দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক। বাকি ১১ আসামির কেউ কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কি না, তা আমার জানা নেই।’