খুব শিগগির নতুন কমিটি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ জেলা বিএনপির কমিটি নেই এক যুগেরও বেশি সময় ধরে। কোন্দলের কারণে দীর্ঘদিনেও কমিটি গঠন করা সম্ভব হয়নি।খোন্দকার দেলোয়ার হোসেন মহাসচিব হওয়ার পর একাধিকবার উদ্যোগ নিয়েও ব্যর্থ হন।তবে তাঁর মৃত্যুর পর জেলা কমিটি গঠন নিয়ে বেশ তৎপরতা দেখা যাচ্ছে। জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতারা কেন্দ্রে যোগাযোগ করছেন। শোনা যাচ্ছে, শিগগিরই কমিটি ঘোষণা করা হবে। কিন্তু নিরপেক্ষ সূত্র থেকে এর সত্যতা নিশ্চিত করা যায়নি।দলীয় সূত্র জানায়, খোন্দকার দেলোয়ারকে সভাপতি ও আবদুর রাজ্জাককে সাধারণ সম্পাদক করে ১৯৯৩ সালে জেলা বিএনপির কমিটি গঠন করা হয়। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার উপস্থিতিতে আরিচা ঘাটে জুতা নিক্ষেপের ঘটনার পরিপ্রেক্ষিতে ১৯৯৮ সালে ভেঙে দেওয়া হয় ওই কমিটি। ওই বছরই হারুন অর রশিদ খান মুন্নুকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করে দেওয়া হয়। খোন্দকার দেলোয়ার ও তাঁর সমর্থকেরা ওই কমিটি মেনে নেননি। নেতা-কর্মীরা দেলোয়ার ও মুন্নু গ্রুপে বিভক্ত হয়ে কোন্দলে জড়িয়ে পড়েন।কোন্দলের কারণে ২০০১ সালে মানিকগঞ্জ-২ আসনের উপনির্বাচনে মুন্নু দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নেন। পরাজিত হন দলীয় প্রার্থী ও তৎকালীন আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জামিলুর রশীদ খান। অথচ কয়েক মাস আগেই ওই আসন থেকে হারুন অর রশিদ খান বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন। হারুন অর রশিদ খান দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করায় অভ্যন্তরীণ কোন্দল আরও তীব্র হয়ে ওঠে। কোন্দলের কারণে ওই বছরই (২০০১ সাল) আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়া হয়। এর পর থেকে গত এক যুগেও মানিকগঞ্জ জেলা বিএনপির কোনো কমিটি হয়নি।স্থানীয় নেতারা জানান, অর্থ আর দাপটের কাছে বন্দী হয়ে ছিল জেলা বিএনপি। খোন্দকার দেলোয়ারের রাজনৈতিক প্রভাব আর হারুন অর রশিদের অর্থের দাপট। দীর্ঘদিনেও কমিটি না হওয়ায় তাঁদের রেষারেষিই দায়ী। খোন্দকার দেলোয়ার ২০০৭ সালে মহাসচিব নির্বাচিত হওয়ার পর জেলা কমিটি গঠনের উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু হারুন অর রশিদ খানের বিরোধিতায় ব্যর্থ হন।জামিলুর রশিদ খান প্রথম আলোকে বলেন, খোন্দকার দেলোয়ার ও হারুন অর রশিদ খান, এই দুই পরিবারের মধ্যে জিম্মি হয়ে পড়েছিল জেলা বিএনপির রাজনীতি। এই দুই পরিবারের প্রধান্য বিস্তারকে কেন্দ্র করেই জেলার রাজনীতিতে কোন্দলের সৃষ্টি। আর এই কোন্দল এড়াতেই দীর্ঘদিন ধরে কমিটি দেওয়া হচ্ছিল না।খোন্দকার দেলোয়ারের মৃত্যুর পর পরিস্থিতির অনেকটাই পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। জেলা পর্যায়ের জ্যেষ্ঠ নেতারা কমিটির জন্য কেন্দ্রে জোর তদবির শুরু করেছেন। শিগগিরই জেলা কমিটি ঘোষণা করা হতে পারে, জামিলুর রশিদ খানও এমন ইঙ্গিত দিয়েছেন।জেলা ছাত্রদলের সাবেক সভাপতি তোজাম্মেল হক বলেন, ‘জেলার রাজনীতিতে আমরা দুই পরিবারের প্রভাব আর দেখতে চাই না। দুই নেতার দ্বন্দ্বের কারণে দল অনেক পিছিয়ে গেছে। নিষ্ক্রিয় হয়ে পড়েছেন নেতা-কর্মীরা। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে নিরপেক্ষ ও ত্যাগী নেতাদের অন্তর্ভুক্ত করে জেলা কমিটি গঠন ছাড়া আর কোনো বিকল্প নেই।’দলে নতুন কমিটিতে সাধারণ সম্পাদক পদের জন্য তৎপরতা চালাচ্ছেন খোন্দকার দেলোয়ারের ছেলে আক্তার হামিদ। হামিদ বলেন, ‘বিএনপি যখনই দুঃসময়ে পড়েছে, আমার মরহুম বাবা তখনই কান্ডারি হয়ে দলের হাল ধরেছেন। আমি তাঁর উত্তরসূরি হয়ে কাজ করতে চাই।’সার্বিক বিষয় নিয়ে হারুন অর রশিদ খানের সঙ্গে কথা বলা যায়নি। মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।