খুলনা জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-১৩ ফুটবল লীগ শুরু হয়েছে। ৩১ আগস্ট খুলনা জেলা স্টেডিয়ামে লীগের উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আবদুল খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনূর্ধ্ব-১৩ ফুটবল লীগ পরিচালনা কমিটির চেয়ারম্যান, খুলনা জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি ও কেসিসির প্যানেল মেয়র-১ আজমল আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি মেয়র বলেন, শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও বিশেষভাবে প্রয়োজন। সুন্দর মন ও সুস্বাস্থ্য গড়ে তুলতে হলে শিশু-কিশোরদের খেলাধুলা করার প্রয়োজনীয় সুযোগ দিতে হবে।খুলনা অনূর্ধ্ব-১৩ ফুটবল লীগে ১০টি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো এসবি আলী স্মৃতি সংসদ, নিরোদ-খিরোদ স্মৃতি সংসদ, সানফ্লাওয়ার স্পোর্টিং ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন, চরেরহাট একাডেমি, ইউরো ফুটবল একাডেমি, খুলনা আবাহনী ক্রীড়া চক্র, রায়েরমহল স্পোর্টিং একাডেমি, আবুল বাশার স্মৃতি সংঘ ও ইয়ং বয়েজ ক্লাব। উদ্বোধনী দিনে অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়াড়েরা মার্চপাস্টে অংশ নেয়।