খুলনা অভিমুখে চার দলের রোডমার্চ শুরু ২৬ নভেম্বর
খুলনা বিভাগ অভিমুখে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের রোডমার্চ ২৬ নভেম্বর শুরু হবে। ২৭ নভেম্বর খুলনায় অনুষ্ঠিত হবে জনসভা।বিএনপি সূত্র জানায়, দুই দিনব্যাপী এ রোডমার্চে দুটি বড় জনসভা করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া বেশ কয়েকটি পথসভাও অনুষ্ঠিত হবে।খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ২৬ নভেম্বর কর্মসূচি শুরুর তারিখ নির্ধারণ হয়েছে। ওই দিন খালেদা জিয়ার নেতৃত্বে ঢাকা থেকে খুলনা অভিমুখে রোডমার্চ শুরু হবে। তিনি বলেন, কয়টি জনসভা ও পথসভা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। ১৫ নভেম্বর খুলনা বিভাগের নেতাদের নিয়ে সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় পথসভার স্থান, রোডমার্চের রুট ও জনসভার স্থান চূড়ান্ত হবে। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চারদলীয় জোট এ রোডমার্চ কর্মসূচি পালন করছে। এর আগে গত অক্টোবরে সিলেট ও উত্তরাঞ্চল অভিমুখে দুটি রোডমার্চ অনুষ্ঠিত হয়। খুলনার পর রংপুর অভিমুখে একই ধরনের কর্মসূচি হওয়ার কথা রয়েছে। আগামী বছর জানুয়ারি মাসে চট্টগ্রাম অভিমুখে সর্বশেষ রোডমার্চটি অনুষ্ঠিত হবে। এরপর ফেব্রুয়ারিতে ঢাকায় মহাসমাবেশ করার পরিকল্পনা আছে বিএনপি ও জোটের শরিকদের।