খুলনা ও বরিশালের ৪৯ পৌরসভায় আজ ভোট
আজ বৃহস্পতিবার খুলনা ও বরিশাল বিভাগের ৪৯ পৌরসভায় ভোট। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, খুলনা বিভাগের ৩০টি পৌরসভায় মেয়র পদে ১৪০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র পদে সর্বাধিক আটজন করে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঝিনাইদহের কালীগঞ্জ ও সাতক্ষীরার কলারোয়ায়। নারীদের জন্য সংরক্ষিত কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৩৬৪ জন। সর্বাধিক ১৯ জন নারী প্রার্থী মেহেরপুর সদরে। এ ছাড়া সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এক হাজার ১২৫ জন। এ পদে সর্বাধিক ৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন নড়াইল সদরে। খুলনা বিভাগের এই ৩০ পৌরসভায় ভোটার সংখ্যা সাত লাখ ১৩ হাজার ৫২৮ জন।বরিশাল বিভাগের ১৯টি পৌরসভায় মেয়র পদে মোট প্রার্থী ৮৪ জন। মেয়র পদে সর্বাধিক সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন ঝালকাঠির নলছিটিতে। নারীদের জন্য সংরক্ষিত কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২০৫ জন। সর্বাধিক ১৭ জন নারী প্রার্থী রয়েছেন ভোলা সদরে। এ ছাড়া সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬৪৭ জন। এ পদে সর্বাধিক ৪৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন ভোলার লালমোহন পৌরসভায়। এই ১৯ পৌরসভায় মোট ভোটার দুই লাখ ৯২ হাজার ৮২৯ জন। কমিশন সূত্র জানিয়েছে, নির্বাচনী অপরাধের তাৎক্ষণিক বিচারের জন্য খুলনা বিভাগে ৩৪ এবং বরিশাল বিভাগে ১৯ জন নির্বাহী হাকিমকে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া বিচারিক হাকিমেরাও দায়িত্ব পালন করবেন।