খুলনা ও সিংড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ৩৬
খুলনার খালিশপুর ও নাটোরের সিংড়া উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও অন্তত ৩৬ জন আহত হয়েছেন।আজ শুক্রবার দুপুরে খুলনায় ও বিকেলে সিংড়ায় এ দুর্ঘটনা ঘটে।খুলনা থেকে নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, আজ দুপুরে খুলনা মহানগরের খালিশপুরের বাস্তুহারা মদিনাবাগ এলাকার বাইপাস সড়কে বরযাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসটির চালকসহ চারজন নিহত ও অন্তত ৩৫ জন আহত হন।নিহত ব্যক্তিরা হলেন—মঠবাড়িয়ার বাঁশবুনিয়া গ্রামের ষষ্ঠ শ্রেণীর ছাত্র শিমুল (১৩), নবম শ্রেণীর ছাত্র মামুন (১৫) ও রুহুল আমিন (৩০) এবং বাসচালক আল আমিন (৩৫)। আহত ব্যক্তিদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।খালিশপুর থানার উপপরিদর্শক (এসআই) কমল কান্তি পাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।সিংড়া (নাটোর) প্রতিনিধি জানিয়েছেন, আজ বিকেল সাড়ে চারটার দিকে রাজা-বাদশা পরিবহন নামে যাত্রিবাহী একটি বাস সিংড়া উপজেলার আমতলী নামক স্থানে পেছন থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক অশোক রায় (৩২) নিহত এবং সুশান্ত ও পিন্টু নামে মোটরসাইকেলের আরও দুই আরোহী গুরুতর আহত হন। আহত অবস্থায় তাঁদের নাটোর সদর হাসপাতালে নেওয়ার পর পিন্টুরও মৃত্যু হয়।