খুলনা-কুষ্টিয়া মহাসড়কে বাস চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা-কুষ্টিয়া মহাসড়কে আজ শুক্রবার সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ছুটির দিনে দুর্ভোগে পড়েছে উত্তর ও দক্ষিণাঞ্চলগামী মানুষ। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহে কুষ্টিয়ার একটি বাস পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক সমিতি, মালিক গ্রুপ ও শ্রমিক ইউনিয়নের নেতারা বাস বন্ধের ঘোষণা দেন। কুষ্টিয়া বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল ফজল সেলিম প্রথম আলোকে বলেন, গতকাল বিকেলে ঝিনাইদহের শৈলকুপা ভাটইবাজার এলাকায় কুষ্টিয়ার গড়াই পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-৮৯৪১) এক মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দেয়। এতে ওই মোটরসাইকেলের পেছনে থাকা এক মহিলা যাত্রী নিহত হন। এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা বাসটিতে ব্যাপক ভাঙচুর চালায় ও পুড়িয়ে দেয়। গাড়ি পোড়ানোর প্রতিবাদে সব ধরনের বাস চলাচল বন্ধ করে দেয় বাস মালিক সমিতি। তিনি বাস পোড়ানোর ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা প্রথম আলোকে বলেন, ঝিনাইদহ ও কুষ্টিয়ার বাস মালিক ও মোটর শ্রমিক ইউনিয়ন নেতাদের সঙ্গে আলোচনা করে দ্রুত বাস চলাচল স্বাভাবিক রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।