খুলনা-কুষ্টিয়া মহাসড়কে বাস চলাচল শুরু
খুলনা-কুষ্টিয়া মহাসড়কে আজ শনিবার সকাল থেকে সব ধরনের বাস চলাচল শুরু হয়েছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক সমিতি, বাস-মিনিবাস মালিক গ্রুপ, ট্রাক মালিক গ্রুপ, মোটর শ্রমিক ইউনিয়ন ও জাপানি মিনিবাস মালিক সমিতির যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। গত বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহ জেলার শৈলকুপার ভাটইবাজার এলাকায় কুষ্টিয়ার একটি বাস পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে গতকাল সারা দিন খুলনা-কুষ্টিয়া মহাসড়কে বাস চলাচল বন্ধ ছিল।জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের কার্যালয়ে জরুরি সভা শেষে সংগঠনটির সাধারণ সম্পাদক আবুল ফজল সেলিম প্রথম আলোকে বলেন, বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িতদের আগামী সাত দিনের মধ্যে গ্রেপ্তার এবং কুষ্টিয়া হাইওয়ে সড়কে সব ধরনের নছিমন-করিমন চলাচল বন্ধ করতে হবে। এ শর্ত মানা না হলে তিনি ১৯ ফেব্রুয়ারি থেকে মহাসড়কে বাস চলাচল বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন। কুষ্টিয়ার যাত্রীবাহী বাস পুড়িয়ে দেওয়ার ঘটনায় গতকাল শৈলকুপা থানায় ১৩ জনের নামসহ অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করে একটি মামলা করা হয়। আসামিদের প্রত্যেকের বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চাঁদপুর গ্রামে। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।