খুলনা জেলা আ.লীগের কার্যক্রম স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা জেলা ও উপজেলা আওয়ামী লীগসহ এর সব সহযোগী সংগঠনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহাবুবুল আলম হানিফ টেলিফোনে এ নির্দেশ দিয়েছেন। গতকাল শুক্রবার তথ্যটি জানান খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও কেন্দ্রীয় সদস্য শেখ হারুনুর রশিদ। খুলনা জেলা আওয়ামী লীগের প্যাডে শেখ হারুনুর রশিদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, খুলনা জেলা ও উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতার গঠনতন্ত্র-পরিপন্থী কর্মকাণ্ডের কারণে দলের তৃণমূল নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভ দানা বাঁধে। একই সঙ্গে এসব কর্মকাণ্ডের কারণে সংঘাতময় অবস্থার সৃষ্টি হয়েছে। এ আশঙ্কায় কেন্দ্রীয় আওয়ামী লীগ খুলনা জেলা ও উপজেলা আওয়ামী লীগসহ এর সব সহযোগী সংগঠনের কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। মো. মাহাবুবুল আলম হানিফ তাঁর টেলিফোনবার্তায় কেন্দ্রীয় ওই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এ ছাড়া জেলা আওয়ামী লীগের পরবর্তী বিশেষ সভার আগ পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানানো হয়েছে।জেলা আওয়ামী লীগের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতা জানান, জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদীর মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক দ্বন্দ্ব ও টানাপোড়েন চলছে। এ কারণে ঢাকায় অবস্থান করা শেখ হারুনুর রশিদ কেন্দ্রীয় নেতাদের বুঝিয়ে কার্যক্রম স্থগিত করিয়েছেন।খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী প্রথম আলোকে বলেন, ‘জেলা সভাপতি তাঁর ইচ্ছামতো কাজ করছেন। তিনি কেন্দ্রকে কী বুঝিয়েছেন, জানি না। ১০ মাস ধরে জেলা আওয়ামী লীগের কোনো কার্যক্রম নেই। তবে দলের কার্যক্রমকে বেগবান করতে যদি এ সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে কেন্দ্রকে ধন্যবাদ জানাই।’এ বিষয়ে জানতে আওয়ামী লীগের নেতা শেখ হারুনুর রশিদের মুঠোফোনে কল করা হলেও তিনি ধরেননি।