খুলনা তেরখাদায় আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
গোপালগঞ্জের সীমান্তবর্তী খুলনার তেরখাদা উপজেলার নলিয়ারচরের পদ্মবিলা হাটে গতকাল শুক্রবার বিকেলে আওয়ামী লীগের দুই পক্ষের বন্দুকযুদ্ধে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। এর মধ্যে ২০ জন গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় ১০টি বাড়ি ভাঙচুর ও দুটি দোকান লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।গুলিবিদ্ধদের মধ্যে ১৩ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এবং ছয়জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে যাঁদের ভর্তি করা হয়েছে তাঁরা হলেন—বুলু শেখ, কেরামত ফকির, হোসেন ফকির, ইয়ার আলী শেখ, রবিউল শেখ, উজ্জ্বল শেখ, সায়েম মোল্লা, আয়নাল মোল্লা, সাহানুর সিকদার, জিন্নাত বিশ্বাস, আন্না বেগম, অলিদ ফকির ও এস্কেন মোল্লা।গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি আহতেরা জানান, ২২ জুলাই রাতে আওয়ামী লীগের সাংসদ মোল্লা জালাল উদ্দিনের সমর্থক বুলবুল আহমেদের মাছের ঘের লুট হয়। এ নিয়ে বুলবুল ও উপজেলা চেয়ারম্যান শরফুদ্দীন বিশ্বাস বাচ্চুর সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডায় হয়। এ ঘটনার জের ধরে গতকাল বিকেল চারটার দিকে সাংসদ-পক্ষের লোকজন নলিয়ারচর গ্রামের পদ্মবিলা হাটে বাজার করতে এলে উপজেলা চেয়ারম্যানের পক্ষের লোকজন তাঁদের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। হামলার একপর্যায়ে গুলিবর্ষণ করা হয়। সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত এ সংঘর্ষ চলে।এ ব্যাপারে সাংসদ মোল্লা জালাল উদ্দিন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘সরফুদ্দীন বিশ্বাস উপজেলা চেয়ারম্যান হওয়ার পর থেকে এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টি করে চলেছেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিনি ও তাঁর ভাইয়েরা অস্ত্র নিয়ে আমার পক্ষের নিরীহ লোকজনের ওপর গুলি বর্ষণ করেছে।’জালাল উদ্দিন আরও বলেন, ‘এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। বুলবুল আহমেদসহ আওয়ামী লীগের সব লোকই আমার। কেউ নিরীহ লোকজনের ওপর হামলা চালালে আমি নিরীহ, অত্যাচারিত মানুষের সঙ্গেই থাকব।’খুলনার পুলিশ সুপার তানভীর হায়দার সিদ্দিকী বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত। আমার জানা মতে, পাঁচজন গুলিবিদ্ধ হয়েছে। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’