খুলনা থেকে পাচারকালে ১০৮০ বস্তা সার আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা থেকে চুয়াডাঙ্গা ও মেহেরপুর পাচারকালে সোমবার রাতে এক হাজার ৮০ বস্তা সার উদ্ধার করেছে পুলিশ। অনিয়ম করে ও ভুয়া চালানের মাধ্যমে এগুলো পাচার করা হচ্ছিল বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনটি ট্রাকে করে পাচার করার সময় খুলনা ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতারা সারের বস্তাসহ ট্রাকগুলো আটক করে পুলিশে খবর দেন। চালানে এই সার সাতক্ষীরার আশাশুনি ও বাগেরহাটের ফকিরহাটে নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। তবে ভুল বোঝাবুঝির কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে বাংলাদেশ কৃষি উন্নয়ন সংস্থা কর্মকর্তারা জানিয়েছেন। খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মুজিবর রহমান জানান, গত সোমবার রুজভেল্ট জেটিতে একাধিক কার্গো থেকে এক হাজার ৮০ বস্তা এমওপি ও ডিওপি সার (বগুড়া ট-১১-১০৫৭), (বগুড়া ট-১১-০৭৮২) ও (ঢাকা মেট্রো ১১-৫৮২১) ট্রাকে বোঝাই করা হয়। সাতক্ষীরা ও বাগেরহাটে নেওয়ার কথা থাকলেও চুয়াডাঙ্গায় নেওয়ার কথা শুনে শ্রমিকেরা ট্রাক তিনটি আটক করেন।মুজিবর রহমান জানান, পরে ট্রাক তিনটির চালকদের কাছে সাতক্ষীরা আশাশুনির ‘মেসার্স সরদার ট্রেডার্স’ (৫২০ বস্তা), খুলনা মেট্রোপলিটন এলাকার ‘মেসার্স আশা স্টোরের’ (৬০ বস্তা) ও বাগেরহাটের ফকিরহাটের ‘মেসার্স কাজী ট্রেডার্সের’ (১৪০ বস্তা)—এই তিন ডিলারের নামে মোট ৭২০ বস্তা সারের তিনটি চালান পাওয়া যায়। বাকি ৩৬০ বস্তা সারের চালান ট্রাকচালকেরা দেখাতে পারেননি। সার আটকের পর ট্রাকচালক আনিসুর রহমান, আ. গফ্ফার ও গোলাম সরদার জানান, সারগুলো চুয়াডাঙ্গা ও মেহেরপুরে পৌঁছে দেওয়ার জন্য ডিলারদের লোকজনের সঙ্গে তাঁদের চুক্তি হয়েছে।বিএডিসির যুগ্ম পরিচালক আসগর আলী বলেন, জাহাজ থেকে সার বিএডিসির গুদামে রাখা হয়। পরে ডিলাররা টাকা জমা দিলে মেমো কেটে সার সরবরাহ করা হয়। কিন্তু জাহাজ বা কার্গো থেকে সরাসরি ট্রাকে সার দেওয়ার নিয়ম নেই। যদি জাহাজ থেকে সরাসরি সার দেওয়া হয়ে থাকে, তা হলে এটি অনিয়ম হবে। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। বিএডিসির খুলনা কার্যালয়ের সহকারী ভান্ডার কর্মকর্তা কে এম জহিরুল ইসলাম বলেন, বিষয়টি ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। চালানে সাতক্ষীরা ও বাগেরহাট লেখা থাকার পরও ডিলাররা এই সার অন্যত্র নিলে তাদের কিছুই করার নেই। সরাসরি কার্গো থেকে ৭২০ বস্তার ডিও লেটারের (চাহিদা আদেশ) বিপরীতে কীভাবে এক হাজার ৮০ বস্তা দেওয়া হলো—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, অফিসের খাতায় এসব রেকর্ড সংরক্ষিত আছে।খালিশপুর থানার উপপরিদর্শক মানস রঞ্জন দাস বলেন, এ বিষয়ে গতকাল মঙ্গলবার বিএডিসির কর্মকর্তা ও ডিলারদের সঙ্গে আলাপ করে এবং কাগজপত্র দেখে কোনো অসংগতি ধরা পড়েনি। সারের বস্তাগুলো বর্তমানে এ থানার হেফাজতে আছে।