খুলনা নগরে ফের নির্যাতন করে গৃহবধূ হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা মহানগরের দৌলতপুরে লাইজু আক্তার (২২) নামের এক গৃহবধূকে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত ব্যক্তির ভাইয়ের অভিযোগ, যৌতুকের দাবিতে তাঁর বোনকে নির্যাতন করে হত্যার পর গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখা হয়। এ নিয়ে ছয় দিনে নগরে নির্যাতন ও পারিবারিক কলহে তিন গৃহবধূ এবং এক কিশোরীর মৃত্যু হলো। পুলিশ জানায়, দৌলতপুর মহেশ্বরপাশা দারুস সালাম মসজিদ এলাকার ট্রাকচালক হারুন দেওয়ানের স্ত্রী গৃহবধূ লাইজু আক্তারকে মুমূর্ষু অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় প্রথমে একটি ক্লিনিকে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই লাইজু মারা যান।নিহতের বড় ভাই আলমগীর গতকাল সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, লাইজুর স্বামী হারুন বিয়ের পর থেকে যৌতুক হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করে আসছিলেন। এর মধ্যে তাঁকে ৭২ হাজার টাকা দেওয়া হয়। কয়েক দিন আগে হারুন বাকি টাকার দাবিতে মোবাইল ফোনে শাশুড়িকে হুমকি দিয়ে বলেন, টাকা না পেলে লাইজুকে মেরে ফেলবেন। তিনি দাবি করেন, লাইজুকে নির্যাতন করে হত্যার পর গলায় রশি বেঁধে ঝুলিয়ে রাখা হয়।তবে নিহতের ননদ সুফিয়া সাংবাদিকদের কাছে দাবি করেন, তাঁর ভাবী লাইজু ঘরের কড়িবর্গার সঙ্গে ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাঁকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু জাফর বলেন, নিহতের গলায় গভীর কালো দাগ পাওয়া গেছে। তবে দেহের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এর আগে ২৯ জানুয়ারি নগরের নতুন বাজার ওয়াপদা বেড়িবাঁধ এলাকার নিজ বাসা থেকে হোসনে আরা নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। খুলনা সদর থানার এসআই মনির হোসেন জানান, হোসনে আরাকে তাঁর স্বামী মাথায় মসলা বাটার পুতা দিয়ে আঘাত করে হত্যা করে পালিয়ে যান। গত মঙ্গলবার নগরের লবণচরা আমতলা ব্রিজের কাছ থেকে পুলিশ অজ্ঞাতপরিচয়ের এক কিশোরীর (১৫) লাশ উদ্ধার করে। কিশোরীর দেহে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে বলে খুলনা সদর থানার এসআই মো. সাঈদ জানিয়েছেন। একই দিন নগরের গল্লামারী এলাকায় রাশিদা বেগম (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি, স্বামীর বহুবিবাহের যন্ত্রণা সইতে না পেরে রাশিদা আত্মহত্যা করেন।