খুলনা-বাগেরহাট সড়কে বিক্ষোভ মিছিল
বাগেরহাটে বিএনপির ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে। আজ সোমবার সকালে হরতালের সমর্থনে বিএনপি ও জামায়াত ইসলামীর নেতা-কর্মীরা বাগেরহাট-খুলনা সড়কে বিক্ষোভ মিছিল করেছেন। মিছিলটি বাগেরহাট-খুলনা সড়কের নতুন কোর্ট এলাকা থেকে শুরু হয়ে নুর মসজিদ এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে বাগেরহাট জেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক আলী রেজা বাবু, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা রেজাউল করিমসহ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।এ ছাড়া সকালে ঢাকা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার মূলঘর মোড়ে সড়ক অবরোধ করেন বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা।হরতালে বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। অভ্যন্তরীণ সড়কপথেও তুলনামূলকভাবে কম গাড়ি চলাচল করতে দেখা গেছে। রাস্তাঘাট ছিল ফাঁকা। জেলার কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটার খবর পাওয়া যায়নি।