খুলনা বিআরটিএকে ঘিরে গড়ে উঠেছে জালিয়াত চক্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) খুলনা অফিসকে ঘিরে গড়ে উঠেছে জালিয়াত চক্রের বিশাল নেটওয়ার্ক। সম্প্রতি জাল কাগজপত্রসহ একজন গাড়িমালিককে আটকের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে জালিয়াত চক্রের অপর এক সদস্যকে গ্রেপ্তারের পর বেরিয়ে আসছে নানা তথ্য। এসব তথ্যের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি বাগেরহাট জেলার ফকিরহাট এলাকার সোহাগ নামের এক ব্যক্তি নগরের সোনাডাঙ্গা উত্তরা মোটরসের শোরুম থেকে একটি বাজাজ সিটি-১০০ মোটরসাইকেল কেনেন। তিনি ওই গাড়িটি দীর্ঘদিন অন টেস্ট লিখে চালানোর পর খুলনা জেলার রূপসা উপজেলার বাগমারা এলাকার বাসিন্দা আবদুল্লাহর কাছে বিক্রি করে দেন। আবদুল্লাহ ওই গাড়ি কিনে রেজিস্ট্রেশনের জন্য নগরের সুন্দরবন কলেজের সামনের রিয়াদ মোটরসের এনামুল নামের এক কর্মচারীর দ্বারস্থ হন। এনামুল রেজিস্ট্রেশনের জন্য যথারীতি ১৪ হাজার টাকা নেন এবং কাগজ সম্পন্ন হওয়ার পর আরও দুই হাজার টাকা দিতে হবে, এমন চুক্তি হয় তাঁর সঙ্গে। এ জন্য তাঁকে একটি নম্বর ও বিআরটিএর একটি স্লিপও দেওয়া হয়। ওই স্লিপের মেয়াদ দেওয়া হয় তিন মাস। এ অবস্থায় গাড়িটি তিনি আবার বিক্রি করে দেন অপর এক ব্যক্তির কাছে। এরই মধ্যে গাড়ির রেজিস্ট্রেশনের দেওয়া কাগজের মেয়াদ শেষ হয়ে গেলে ক্রেতা ওই কাগজ নিয়ে যান খুলনা বিআরটিএতে। আর তখনই দেখা দেয় বিপত্তি। সংশ্লিষ্ট ব্যক্তি গাড়িটি নিয়ে খুলনা বিআরটিএতে গেলেও বিআরটিএ কর্তৃপক্ষ গাড়ির মূল মালিককে নিয়ে যেতে বলেন। যথারীতি মূল মালিক আবদুল্লাহ সেখানে হাজির হলে কাগজপত্র (ব্লু-বুক) জাল বলে তাঁকে পুলিশে সোপর্দ করে। এ সময় বিআরটিএর মেটরযান পরিদর্শক এমডি শাহ আলম খানজাহান আলী থানায় একটি মামলাও (নম্বর-৩, তারিখ-৪-১০-১০) করেন। আবদুল্লাহকে নিয়েই ওই মামলার তদন্ত শুরু হয়। তাঁর দেওয়া তথ্য মতে, পুলিশ রিয়াদ মোটরসের কর্মচারী এনামুলকে ৬ অক্টোবর গ্রেপ্তার করে। তাঁকে দুদিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর ১৬ অক্টোবর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া হয়। তাঁর স্বীকারোক্তি মোতাবেক পুলিশ জালিয়াত চক্রের অপর এক সদস্য মামুনকে খুঁজছে। জবানবন্দিতে এনামুল জানান, রিয়াদ মোটরসের সব কাগজপত্র মামুনই তৈরি করে দেন। তাঁর ওই কাগজটিও মামুনের করা। তবে রিয়াদ মোটরসের মামুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। খোঁজ নিয়ে জানা যায়, খুলনা মহানগরের মজিদ সরণি, খানজাহান আলী রোড, ডাকবাংলা মোড়, কেডিএ এভিনিউসহ নগরের বিভিন্ন এলাকার গাড়ির শোরুমের লোকজনের সঙ্গেই জালিয়াত চক্রের নেটওয়ার্ক গড়ে উঠেছে। ওই সব শোরুম থেকে গাড়ি কেনার সঙ্গে সঙ্গেই চক্রের সদস্যরা ক্রেতাদের প্রভাবিত করে বিআরটিএ থেকে সহজে গাড়ির কাগজপত্র করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে হাতিয়ে নেয় মোটা অঙ্কের অর্থ। বিনিময়ে অনেক ক্ষেত্রেই দেওয়া হয় জাল ও ভুয়া কাগজপত্র। আবার কোনো কোনো ক্রেতার কাছ থেকে বিভিন্ন কৌশলে ট্যাক্সের নামেও বাড়তি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। ওই সব জাতিয়াত চক্রের সঙ্গে বিআরটিএকে কেন্দ্র করে গড়ে ওঠা প্রায় অর্ধশত দালাল চক্রের সদস্যের রয়েছে গভীর সম্পর্ক। এ ব্যাপারে বিআরটিএর মোটরযান পরিদর্শক শাহ আলম বলেন, ‘জালিয়াত চক্রের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নিয়েও তাঁদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তিনটি যানবাহনের ব্লু-বুক জাল ধরা পড়ায় খানজাহান আলী থানায় তিনটি পৃথক মামলা করা হয়েছে। এসব মামলায় সাতজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। জালিয়াত চক্রের বিরুদ্ধে পুলিশ তদন্ত করছে।’মামলার তদন্তকারী কর্মকর্তা উপপুলিশ পরিদর্শক (এসআই) মোর্তজা বলেন, ‘এনামুলকে গ্রেপ্তারের পর জালিয়াত চক্রের অনেক সদস্যের সন্ধান পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তাদের নাম বলা যাবে না।’খুলনা বিআরটিএর সহকারী পরিচালক স ম দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘লোকবল কম থাকায় দালাল চক্রের কাছে আমাদের অনেকটা জিম্মি হয়ে থাকতে হচ্ছে। আমার অফিসের কেউ এই জালিয়াতির সঙ্গে জড়িত নয়। এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সহযোগিতা চাই। দালল চক্র উৎখাতে মাঝেমধ্যে পুলিশ ও র্যা ব দিয়ে অভিযান চালানো হচ্ছে।’