খুলনা বিএল কলেজে ছাত্রলীগ-শিবির সংঘর্ষ, আহত ৫০
খুলনার বিএল কলেজে আজ শুক্রবার দুপুরে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ৫০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। আহত নেতা-কর্মীদের মধ্যে ২০ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন বিএল কলেজ ক্যাম্পাসে অন্তত ২০০ জন পুলিশ মোতায়েন রয়েছেন।আজ দুপুর সাড়ে ১২টার দিকে বিএল কলেজে প্রথম বর্ষ সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পরপরই ছাত্রলীগ ও ছাত্রশিবির ক্যাম্পাসে মিছিল বের করে। একপর্যায়ে তারা মুখোমুখি হলে সংঘর্ষের সূত্রপাত হয় এবং প্রায় ঘণ্টাখানেক পাল্টাপাল্টি ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ চলে। সংঘর্ষে উভয় পক্ষের কর্মীদের হাতে হকিস্টিক, রামদা, পিস্তল ও লাঠিসোঁটা দেখা যায়। একপর্যায়ে গুলিবর্ষণও ঘটে বলে অভিযোগ পাওয়া যায়। পুলিশ ছাত্রদের থামাতে ২৫টি কাঁদানে গ্যাস শেল ও দুই রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। সাংবাদিকেরা সংঘর্ষের ছবি তুলতে গেলে তাঁদের কাছ থেকে ক্যামেরা কেড়ে নেওয়া হয়।ক্যাম্পাসের বাইরে বিক্ষুব্ধ ছাত্ররা মিছিল করে এবং কয়েকটি দোকানে ভাঙচুর চালায়। এখন পুলিশের উপকমিশনার মোস্তফা কামালের নেতৃত্বে প্রায় ২০০ জন পুলিশ ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছেন। এ মুহূর্তে ছাত্রলীগ ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নিয়েছে।