খুলনা বিদ্যুৎকেন্দ্রের নৈশপ্রহরী ও তাঁর স্ত্রীকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা বিদ্যুৎকেন্দ্রের নৈশপ্রহরী মিরান চন্দ্র মণ্ডল (৫০) ও তাঁর স্ত্রী রেবা রানী মণ্ডলকে (৪২) দুর্বৃত্তরা কুপিয়ে এবং ভারী বস্তু দিয়ে আঘাত করে হত্যা করেছে। মহানগরের গোয়ালপাড়ায় কেন্দ্রের আবাসিক এলাকায় গত মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে।এ ঘটনায় নিহত রেবা রানীর ভাই বিকাশ চন্দ্র বালা বাদী হয়ে গতকাল বুধবার রাতে খালিশপুর থানায় একটি হত্যা মামলা করেছেন। পুলিশ নিহত দম্পতির দুই ছেলে রাজীব ও সজীবকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।জানা যায়, নিহত মিরান চন্দ্র মণ্ডল ২৬ বছর ধরে খুলনা বিদ্যুৎকেন্দ্রে নৈশপ্রহরীর কাজ করছিলেন। তিনি পরিবারসহ গোয়ালপাড়ায় বিদ্যুৎকেন্দ্রের আবাসিক ভবনের এন/এফ ফ্ল্যাট-৫-এ বসবাস করতেন। হত্যাকাণ্ডের সময় পাশের ঘরে মিরান চন্দ্রের দুই ছেলে রাজীব কুমার মণ্ডল ও সজীব কুমার মণ্ডল ঘুমিয়ে ছিলেন। তাঁদের মধ্যে রাজীব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং সজীব খুলনা বিদ্যুৎকেন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।পুলিশ ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি নোড়া ও একটি শার্ট আলামত হিসেবে জব্দ করেছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।রাজীব ও সজীব জানান, তাঁরা একই কক্ষে ঘুমিয়ে ছিলেন। হত্যাকাণ্ডের সময় কিছুই টের পাননি। গতকাল সকালে জানালা দিয়ে ঘরের ভেতর উঁকি দিয়ে বাবা ও মাকে মৃত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখে তাঁরা পুলিশে খবর দেন।রাজীব প্রথম আলোকে বলেন, মঙ্গলবার রাত ১২টার দিকে তাঁর বাবা ও মা হোমিওপ্যাথিক ওষুধ সেবন করে অসুস্থ হয়ে পড়েন। তখন তাঁদের খালিশপুরের একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। রাত দেড়টার দিকে বাসায় ফিরে বাবা ও মা দরজা আটকে ঘুমিয়ে পড়েন। গতকাল ভোর ছয়টার দিকে তাঁর মামা মুঠোফোনে বাবা ও মায়ের শারীরিক অবস্থা জানতে চান। তখন ডাকাডাকি করে তাঁদের কোনো সাড়া পাওয়া যায়নি। পরে পেছনের বারান্দার গ্রিল থেকে উঁকি দিয়ে বিছানার ওপর মা-বাবার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।নিহত মিরানের পাশের ফ্ল্যাটের বাসিন্দা নৈশপ্রহরী সিদ্দিকুর রহমান বলেন, ‘ভোর ছয়টায় দায়িত্ব পালন শেষে বাসায় ফিরি। সাতটার দিকে ওই ফ্ল্যাট থেকে কান্নার শব্দ শুনে সেখানে গিয়ে খুনের ঘটনা জানতে পারি।’খুলনার খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোকাদ্দেম আলী বলেন, এটি নৃশংস খুন। ধারালো অস্ত্র দিয়ে মুখমণ্ডলে আঘাতের পরও মিরান ও তাঁর স্ত্রীকে ভারী বস্তু দিয়ে মুখ ও মাথা থেঁতলে দেওয়া হয়েছে। কিন্তু বিস্ময়কর হচ্ছে, পাশের কক্ষে থাকা তাঁর দুই ছেলে নাকি কিছুই টের পায়নি। যেভাবে খুন করা হয়েছে তাতে চিত্কার-চেঁচামেচি হওয়ার কথা। কিন্তু তার কিছুই হয়নি। এখানেই রহস্য।খুলনা মহানগর পুলিশের উত্তর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, হত্যার ঘটনাটি রহস্যময়। ঘরের ভেতর থেকে কেউ ঘটিয়েছে, নাকি বাইরে থেকে ঘরে ঢুকে ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। রাজীব ও সজীবকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।