খুলনা বিভাগের ১৮টি রুটে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। ফলে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে। তবে খুলনার পরিবহন শ্রমিক ও মালিকেরা কাল শুক্রবার থেকে খুলনা-ঢাকা রুট ছাড়া অন্য সব রুটে গাড়ি চালানোর সিদ্ধান্ত নিয়েছেন।সরেজমিনে দেখা গেছে, ভাঙা পা নিয়ে গত মঙ্গলবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন লোহাগড়া উপজেলার কামাল হোসেন। বাড়ি ফেরার উদ্দেশ্যে ক্রাচে ভর করে তিনি আজ সকালে খুলনা বাস টার্মিনালে এসে দেখেন, কোনো বাস চলছে না। কীভাবে এই পা নিয়ে তিনি বাড়ি ফিরবেন, তা নিয়ে তাঁকে দুশ্চিন্তাগ্রস্ত দেখা যায়।খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি শেখ আবদুল আজিজ বলেন, আজ দুপুরে খুলনা বাস টার্মিনালে স্থানীয় শ্রমিক-মালিকদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় ঢাকা-খুলনা রুট ছাড়া অন্য সব রুটে কাল থেকে গাড়ি ছাড়ার সিদ্ধান্ত হয়েছে।ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, ‘আমাদের বেতন বৃদ্ধিসহ মূল দাবি নিয়ে এখনো মালিক বা সরকার কেউ কোনো কথা বলেনি। তাই মূল দাবি না মানা পর্যন্ত ঢাকা-খুলনা রুটে যান চলাচল বন্ধ থাকবে এবং আমাদের আন্দোলন চলতে থাকবে।’ধর্মঘট আহ্বানকারী পরিবহন শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, খুলনা বিভাগীয় সড়ক পরিবহন সমন্বয় সংগ্রাম কমিটির ডাকে গত মঙ্গলবার থেকে এ ধর্মঘট চলছে। শ্রমিকদের বেতন বৃদ্ধি, সড়ক দুর্ঘটনায় ৩০২ ধারার মামলা প্রত্যাহার, সড়কে চাঁদাবাজি বন্ধসহ পাঁচ দফা দাবিতে এ ধর্মঘট চলছে।