খুলনা বিভাগের দুই লাখ পরিবার রেশনিং সুবিধা পাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বল্প ও সীমিত আয়ের জনগোষ্ঠীকে খাদ্য সহায়তা ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার দেশব্যাপী অস্থায়ীভাবে রেশন কার্ডের মাধ্যমে নির্ধারিত মূল্যে খাদ্যশস্য বিতরণের লক্ষ্যে ভোক্তার তালিকা বাছাই শেষ করেছে। খুলনা বিভাগের নয়টি জেলা শহর ও খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ৩১টি ওয়ার্ডের সব বাসিন্দা এই সুবিধা পাবে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুলনা বিভাগের নয় জেলার প্রতিটি জেলা শহরে পাঁচ হাজার পরিবার করে মোট ৪৫ হাজার পরিবার এবং খুলনা সিটি করপোরেশনের ৩১টি ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডের পাঁচ হাজার পরিবার করে মোট এক লাখ ৫৫ হাজার পরিবারকে প্রাথমিকভাবে রেশনিং সুবিধার আওতায় আনা হচ্ছে। এই কর্মসূচির সুবিধাভোগীদের তালিকা প্রণয়নের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। ডিলার নিয়োগ-প্রক্রিয়াও শেষ পর্যায়ে রয়েছে। তবে মহানগরের সব বাসিন্দা ও জেলা শহরগুলোর বাসিন্দা এই সুবিধার সুযোগ পেলেও বঞ্চিত হচ্ছে গ্রামাঞ্চলের নিম্ন্ন আয়ের মানুষ। এই কর্মসূচির আওতায় প্রাথমিকভাবে নিম্ন আয়ের কার্ডধারী প্রতিটি পরিবারকে ২০ কেজি চাল ও ২০ কেজি গম ন্যায্যমূল্যে দেওয়া হবে। পরে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যও সরবরাহ করা হবে। খুলনা আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের অফিসে সূত্রে জানা যায়, জেলা শহরে স্থানীয় জনপ্রতিনিধি ও কেসিসি এলাকায় কাউন্সিলরদের মাধ্যমে প্রতিটি ওয়ার্ডে পাঁচ হাজার পরিবারের তালিকা তৈরি করা হয়েছে। ডিলারদের মাধ্যমে সুবিধাভোগীদের মধ্যে খাদ্যশস্য সরবরাহ করা হবে। নয়টি জেলা শহর ও খুলনা মহানগরের বিভিন্ন ওয়ার্ডে ডিলার নিয়োগ ও সুবিধাভোগীদের তালিকা প্রণয়নের কাজ শুরু হয়েছে। প্রতি এক হাজার পরিবারের জন্য একজন ডিলার নিয়োগ দেওয়া হচ্ছে। এ ব্যাপারে খুলনা বিভাগীয় কমিশনার মো. ইউনুসুর রহমান প্রথম আলোকে বলেন, খুলনা সিটি করপোরেশনের স্বল্প আয়ের মানুষের সুবিধার্থে ন্যায্যমূল্যে খাদ্য সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে একটি কমিটির মাধ্যমে সুবিধাভোগীদের তালিকা প্রণয়নের কাজ চলছে। বিভাগীয় কমিশনারকে সভাপতি, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রককে সদস্যসচিব এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক, সংশ্লিষ্ট জেলা প্রশাসকের প্রতিনিধি, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক ও খুলনা সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তাকে সদস্য করে মোট ছয় সদস্যবিশিষ্ট কমিটি ডিলার নিয়োগের লক্ষ্যে কাজ করছে। রেশন কার্ডের তালিকা প্রণয়নের কমিটির সভাপতি হলেন আঞ্চলিক খাদ্যনিয়ন্ত্রক। ইতিমধ্যে ডিলার নিয়োগ ও কার্ড বাছাই সংক্রান্ত বিষয়ে দুবার বৈঠক হয়েছে এবং ৪৮ জন ডিলার নিয়োগ-প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। স্ব-স্ব ডিলারকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে। খুব শিগগির এই রেশনিং চালু হবে।