খুলনা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকাল বন্ধ
খুলনা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-পুলিশ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে। শিক্ষার্থীরা গতকাল সকাল সাড়ে ছয়টার মধ্যে হল ত্যাগ করেন। গত সোমবার রাতে প্রথম আলোর স্থানীয় আলোকচিত্রী শাহনেওয়াজকে কিছু ছাত্র ধাওয়া করেন। একপর্যায়ে শিক্ষকেরা তাঁকে একটি ভবনে নিয়ে আশ্রয় দেন। তাঁকে চিহ্নিত ওই ছাত্রদের হাতে ছেড়ে না দেওয়ায় তাঁরা ক্যাম্পাসে ভাঙচুর করেন।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, একটি স্বার্থান্বেষী মহল পরিস্থিতি অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। হলে বহিরাগতদের উপস্থিতি এবং এ ব্যাপারে সন্দেহজনক আচরণের কারণে পুলিশ হলের তত্ত্বাবধায়ক ও দুজন নিরাপত্তাকর্মীকে আটক করেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম আলোর আলোকচিত্রী শাহনেওয়াজ সোমবার বিকেলে বন্ধুসভার সহযোগিতায় আয়োজিত এইডস ও মাদকবিরোধী এক অনুষ্ঠানে পেশাগত দায়িত্ব পালন করতে বিশ্ববিদ্যালয়ে যান। পূর্বঘটনার জের ধরে এ সময় অনুষ্ঠানস্থল ২ নম্বর একাডেমিক ভবনের সামনে একদল ছাত্র তাঁকে ধাওয়া করেন। একপর্যায়ে শাহনেওয়াজ শিক্ষকদের সহায়তায় ২ নম্বর একাডেমিক ভবনে আশ্রয় নেন। এরপর উত্তেজিত ছাত্ররা ওই ভবনের সামনে জড়ো হতে থাকেন এবং শাহনেওয়াজকে তাঁদের হাতে তুলে দেওয়ার দাবি জানান। বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যসহ শিক্ষকেরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। রাত ১২টা পর্যন্ত অচলাবস্থার একপর্যায়ে ছাত্ররা ২ নম্বর একাডেমিক ভবনের দরজা ও জানালার কাচ ভাঙচুর করেন। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে পুলিশ ক্যাম্পাসে ঢুকে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে ছাত্রদের ছত্রভঙ্গ করে দেয়। ছয় ঘণ্টা অবরুদ্ধ থাকার পর রাত সাড়ে ১২টার দিকে শাহনেওয়াজ মুক্ত হন। উত্তেজিত ছাত্ররা এ সময় ফিশারিজ বিভাগের ল্যাব, সার্লি ইসলাম লাইব্রেরি ও কেন্দ্রীয় লাইব্রেরির জানালার কাচ ভাঙচুর করেন। পরে খানজাহান আলী হলে জড়ো হয়ে সেখানেও তাঁরা ভাঙচুর শুরু করেন। ছাত্ররা এই হলের নেমপ্লেট, সিকিউরিটি কক্ষ, অতিথি কক্ষ ও অফিস কক্ষ ভাঙচুর করেন। তাঁরা অফিসের দরজা ভেঙে ভেতরের ফ্রিজ, ফ্যান ও অন্যান্য মালামাল ভাঙচুর করেন।গভীর রাতে উপাচার্য সাইফুদ্দিন শাহর সভাপতিত্বে সিন্ডিকেটের জরুরি সভায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং শিক্ষার্থীদের হল ত্যাগের সিদ্ধান্ত দেওয়া হয়। সাধারণ ছাত্ররা গতকাল সকালেই হল ত্যাগ করেন। তবে খানজাহান আলী হলের সামনে সকাল সাড়ে ছয়টার পরও ছাত্রদের জটলা দেখা যায়। পরে পুলিশ ছাত্রদের হল ছাড়তে বাধ্য করে। এ সময় পুলিশের সামনে দিয়ে মোটরসাইকেল চালিয়ে বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও শিবিরকর্মী মেহেদি হাসান হল ত্যাগ করেন। হলে তাঁর উপস্থিতি সম্পর্কে জানতে চাওয়া হলে দায়িত্বরত তত্ত্বাবধায়ক ও নিরাপত্তাকর্মী কিছুই বলতে পারেননি। পরে রেজিস্টার খাতা খুঁজেও তাঁর নাম পাওয়া যায়নি। হলে বহিরাগতদের উপস্থিতি এবং এ ব্যাপারে সন্দেহজনক আচরণের অভিযোগে পুলিশ তত্ত্বাবধায়ক ও অফিস সহকারী মোশারফ হোসেন, নিরাপত্তাকর্মী শেখ মো. আবদুল্লাহ ও জাহাঙ্গীর আলমকে আটক করে। হলের প্রভোস্ট রফিকুল ইসলাম জানান, নিয়মানুযায়ী অতিথিদের রেজিস্ট্রি খাতায় নাম লিপিবদ্ধ করার কথা। কিন্তু এ ক্ষেত্রে তা করা হয়নি। এ বিষয়ে ছাত্রবিষয়ক পরিচালক মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি রহস্যজনক। হঠাৎ করেই ছাত্ররা এতটা অবাধ্য ও অশোভন আচরণ করবে বুঝতে পারিনি।’ তিনি বলেন, ক্যাম্পাসে কিছু বহিরাগত ব্যক্তির আনাগোনা দেখা গেছে। এ কারণে বহিরাগতদের ইন্ধনের বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না।উপাচার্য সাইফুদ্দিন শাহ প্রথম আলোকে বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের এত দিনের অর্জিত সুনাম ন্যক্কারজনক এ ঘটনায় শেষ হয়ে গেছে। ছাত্ররা যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তা কল্পনা করা যায় না।প্রসঙ্গত, গত ২৫ মার্চ বিশ্ববিদ্যালয়ের পাশে একটি দোকানে তুচ্ছ ঘটনায় একজন ছাত্রের সঙ্গে আলোকচিত্রী শাহনেওয়াজের বচসা হয়। পরে প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের নেতারা এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যস্থতায় বিষয়টির সুরাহা হয়।শাহনেওয়াজকে লাঞ্ছিত করার ঘটনায় খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়ন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন ও ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে গতকাল বেলা ১১টায় প্রেসক্লাবে প্রতিবাদ সভা হয়। সভায় বক্তারা ন্যক্কারজনক এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানান। আজ বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় এ ঘটনা তদন্তে নয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।