খুলনা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা বিশ্ববিদ্যালয়ে গতকাল সোমবার রাতে প্রথম আলোর স্থানীয় আলোকচিত্রী শাহ নেওয়াজকে ধাওয়া করা এবং ক্যাম্পাস থেকে বের হতে না দেওয়ার জের ধরে ছাত্র-পুলিশ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে। শিক্ষার্থীরা আজ সকাল সাড়ে ছয়টার মধ্যে হল ত্যাগ করেছেন।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, একটি স্বার্থান্বেষী মহল পরিস্থিতি অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। হলে বহিরাগতদের উপস্থিতি এবং এ ব্যাপারে সন্দেহজনক আচরণের কারণে পুলিশ হলের তত্ত্বাবধায়ক ও দুজন নিরাপত্তাকর্মীকে আটক করেছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রথম আলোর আলোকচিত্রী শাহ নেওয়াজ গত সোমবার বিকেলে বন্ধুসভার সহযোগিতায় আয়োজিত এইডস ও মাদকবিরোধী এক অনুষ্ঠানে পেশাগত দায়িত্ব পালন করতে বিশ্ববিদ্যালয়ে যান। পূর্ব ঘটনার জের ধরে এ সময় অনুষ্ঠানস্থল ২ নম্বর একাডেমিক ভবনের সামনে একদল ছাত্র তাঁকে ধাওয়া ও লাঞ্ছিত করেন। একপর্যায়ে শাহ নেওয়াজ শিক্ষকদের সহায়তায় ২ নম্বর একাডেমিক ভবনে আশ্রয় নেন। এরপর উত্তেজিত ছাত্ররা ওই ভবনের সামনে জড়ো হতে থাকেন এবং শাহ নেওয়াজকে তাঁদের হাতে তুলে দেওয়ার দাবি জানান। বিশ্বদ্যািলয়ের সহ-উপাচার্যসহ শিক্ষকেরা পরিস্থিতি শান্ত করতে চেষ্টা করেন। কিন্তু ছাত্ররা তাঁদের দাবিতে অনড় থাকেন। রাত ১২টা পর্যন্ত অচলাবস্থার একপর্যায়ে ছাত্ররা ২ নম্বর একাডেমি ভবনের দরজা ও জানালার কাচ ভাঙচুর করে। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে পুলিশ ক্যাম্পাসে ঢুকে কাঁদুনে গ্যাস ছুড়ে করে ছাত্রদের ছত্রভঙ্গ করে দেয়। ছয় ঘণ্টা অবরুদ্ধ থাকার পর রাত সাড়ে ১২টার দিকে শাহ নেওয়াজ মুক্ত হন। উত্তেজিত ছাত্ররা এ সময় ফিসারিজ বিভাগের ল্যাব, সার্লি ইসলাম লাইব্রেরি ও কেন্দ্রীয় লাইব্রেরির জানালার কাচ ভাঙচুর করেন। পরে খানজাহান আলী হলে জড়ো হয়ে সেখানেও ভাঙচুর শুরু করা হয়। তাঁরা এ হলের নামফলক, সিকিউরিটি রুম, অতিথি কক্ষ ও অফিস কক্ষ ভাঙচুর করেন। তাঁরা অফিসের দরজা ভেঙে ভেতরের ফ্রিজ, ফ্যান ও কিছু মালামালও ভাঙচুর করেন।গভীর রাতে উপাচার্য সাইফুদ্দিন শাহর সভাপতিত্বে সিন্ডিকেটের জরুরি সভায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং শিক্ষার্থীদের হল ত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়। সাধারণ ছাত্ররা আজ সকালেই হল ত্যাগ করেন। তবে খানজাহান আলী হলের সামনে সকাল সাড়ে ছয়টার পরও ছাত্রদের জটলা দেখা যায়। পরে পুলিশ ছাত্রদের হল ছাড়তে বাধ্য করে।হলে বহিরাগতদের উপস্থিতি এবং এ ব্যাপারে সন্দেহজনক আচরণের অভিযোগে পুলিশ হলের তত্ত্বাবধায়ক ও অফিস সহকারী মোশারফ হোসেন, নিরাপত্তাকর্মী শেখ মো. আবদুল্লাহ ও জাহাঙ্গীর আলমকে আটক করে।প্রসঙ্গত, গত ২৫ মার্চ বিশ্ববিদ্যালয়ের পাশে একটি দোকানে তুচ্ছ ঘটনায় একজন ছাত্রের সঙ্গে শাহ নেওয়াজের বচসা হয়। পরে প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের নেতারা এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যস্থতায় বিষয়টির সুরাহা করা হয়।শাহ নেওয়াজকে লাঞ্ছিত করার ঘটনায় খুলনা প্রেসক্লাব, খুলনা সাংবাদিক ইউনিয়ন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন ও ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ বেলা ১১টায় প্রেসক্লাবে প্রতিবাদ সভা হয়। সভায় বক্তারা ন্যক্কারজনক এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানান। আজ বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় এ ঘটনা তদন্তে নয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।