খুলনা বিশ্ববিদ্যালয় ও কুয়েট বন্ধ ঘোষণা যুদ্ধাপরাধীদের বিচার নস্যাতের ষড়যন্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি সিটি মেয়র তালুকদার আবদুল খালেক, জেলা আওয়ামী লীগের সভাপতি ও কেন্দ্রীয় নেতা শেখ হারুনুর রশীদ, জেলা সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী সুজা ও মহানগর সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এক যুক্ত বিবৃতি দিয়েছেন। তাঁরা বিবৃতিতে বলেছেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন খুলনা বিশ্ববিদ্যালয় এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) বন্ধ ঘোষণা যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া নস্যাত্ করার গভীর ষড়যন্ত্রের অংশ। তাঁরা বলেন, কুয়েটের শিক্ষক শিবেন্দ্র শেখর শিকদারকে ছাত্রদলের যারা লাঞ্ছিত করেছে, তাদের বিচার না করে ছাত্রলীগ নেতাদের সাময়িক বহিষ্কার ও শিক্ষকদের জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়া এবং শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা প্রমাণ করে কুয়েটের ভিসি তাঁর নিরপেক্ষতা হারিয়ে দায়িত্ব পালনে সীমাহীন ব্যর্থতার পরিচয় দিয়েছেন। অপর দিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভেতর ঘাপটি মেরে থাকা বিএনপি ও জামায়াত শিবিরের ক্যাডাররা দীর্ঘদিনের ষড়যন্ত্রের অংশ হিসেবে ক্যাম্পাসকে অশান্ত করে বিশ্ববিদ্যালয় বন্ধ করতে সক্ষম হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও ছাত্রদের প্রকাশ্যে রাজনীতি নিষিদ্ধ থাকলেও সম্প্র্রতি ড. রেজাউল করিমসহ কয়েকজন শিক্ষক বিএনপির প্রতিনিধি সভাসহ বিভিন্ন কর্মসূচিতে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন, যা বিশ্ববিদ্যালয়ের নিয়মবহির্ভূত। কুয়েটে ড. মাসুদসহ কয়েকজন শিক্ষক জামায়াত-বিএনপির রাজনৈতিক স্বার্থ বাস্তবায়ন করছেন। বিশ্ববিদ্যালয় দুটিতে অভিন্ন ষড়যন্ত্র পরিলক্ষিত হচ্ছে। প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের উচিত, যথাযথ দায়িত্ব পালন করা।