খুলনা বিশ্ববিদ্যালয়ে ১৬ মাসে ৬৯ জনকে চুক্তিতে নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সহকারী পরিচালক খায়রুল বাসার উপাচার্যের ভায়রাভাই। প্রশাসনিক কর্মকর্তা আসিকুর রহমান উপাচার্যের বড় ভাইয়ের ছেলে। গ্রন্থাগার বিভাগের ক্যাটালগার ফাহমিদা হক ভাইয়ের ছেলের স্ত্রী। ফার্মেসি বিভাগের ল্যাব টেকনিশিয়ান আশিকুল ইসলাম উপাচার্যের ভাগ্নে। পদার্থবিদ্যা বিভাগের প্রশাসনিক কর্মকর্তা-কাম -কম্পিউটার অপারেটর আহসান হাবিব উপাচার্যের ভাগ্নিজামাই।এই পাঁচজনই বিশ্ববিদ্যালয়ে চুক্তি ভিত্তিক নিয়োগ পেয়েছেন। এ ছাড়া উপাচার্যের দূরসম্পর্কের বোনের ছেলে তরিকুল ইসলাম ও সারোয়ার হোসেন এবং দূরসম্পর্কের এক ভাইয়ের ছেলে মোস্তাকিম হকও খুলনা বিশ্ববিদ্যালয়ে মাস্টাররোলে চাকরি পেয়েছেন।কেবল উপাচার্যের আত্মীয়ই নয়, খুলনা বিশ্ববিদ্যালয়ে গত ১৬ মাসে বিভিন্ন পদে অস্থায়ী ভিত্তিতে মোট ৬৯ জন নিয়োগ পেয়েছেন। এদের মধ্যে ৩৯ জন খুলনা অঞ্চলের, ১৯ জন গোপালগঞ্জ ও বাগেরহাটের এবং আটজন দিনাজপুরের। বাকি তিনজন অন্যান্য অঞ্চলের। কোনো ধরনের বিজ্ঞপ্তি ছাড়াই এসব নিয়োগ দেওয়া হয়। রাজনৈতিকভাবে এসব নিয়োগ দেওয়া হয়েছে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবদুল্লাহিল বাকী প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বেড়েছে। তাই লোক নেওয়া হয়েছে। তবে প্রয়োজনের বেশি লোক নিয়োগ দেওয়া হয়নি।’অনুসন্ধানে জানা গেছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে অনুমোদিত পদের চেয়েও খুলনা বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত লোক নিয়োগ দেওয়া হয়েছে। সূত্র জানায়, ২০০৭ সালের ২৪ জুন সিন্ডিকেট প্রশাসনিক কর্মকর্তা-কাম-কম্পিউটার অপারেটরের একটি, ল্যাব টেকনিশিয়ানের একটি, হল কেয়ারটেকারের একটি, অফিস সহকারীর দুটি, কম্পাউন্ডারের একটি, নিরাপত্তাপ্রহরীর চারটি, পিয়নের পাঁচটি, ইলেকট্রিক্যাল হেলপারের একটি ও ক্লিনারের একটি পদে নিয়োগের সিদ্ধান্ত নেয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনও এই ১৭টি পদ পূরণের অনুমোদন দেয়। কিন্তু এই পদগুলোর স্থলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অস্থায়ী ভিত্তিতে প্রশাসনিক কর্মকর্তা-কাম-কম্পিউটার অপারেটর পদে ১১ জন, ল্যাব টেকনেশিয়ান পদে ছয়জন, অফিস সহকারী পদে ১৫ জন, পিয়ন ও এমএলএসএস পদে মোট ১৫ জন এবং বিদ্যমান কর্মচারীদের পদগুলো শূন্য দেখিয়ে অন্যদের নিয়োগ দেয়।একাধিক কর্মকর্তা জানিয়েছেন, উপাচার্যের ভাগ্নে সারোয়ার হোসেন ও শেখ মুজিবুর রহমানের মামা জাকির হোসেন (অর্থ ও হিসাব বিভাগের পিয়ন) ২০০৯ সালের ১৯ এপ্রিল থেকে মাস্টাররোলে চাকরি করছেন। সম্প্রতি তাদের অ্যাডহকে অন্তর্ভুক্ত করা হলেও বিশ্ববিদ্যালয়ের জন্মলগ্ন থেকে ১৯ বছর পর্যন্ত কর্মরত অনেক কর্মচারীকেই অ্যাডহকেও অন্তর্ভুক্ত করা হয়নি। বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগ থেকে জানা যায়, বিশ্ববিদ্যালয় উন্নয়ন তহবিল থেকেই এ নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের বেতন ও বোনাস দেওয়া হচ্ছে। তাই দিন দিন কমে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন তহবিলের পরিমাণ। এ ছাড়া প্রয়োজনের তুলনায় অতিরিক্ত নিয়োগের কারণে অনেকে এখনো কোনো পদই পাননি।অনুসন্ধানে জানা গেছে, উপাচার্যের ব্যক্তিগত সচিব হাওলাদার আলমগীর হাদি, অডিট সেলের উপ-পরিচালক শেখ মুজিবুর রহমান, স্টেট শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. আলী আকবর, অর্থ ও হিসাব শাখার সহকারী পরিচালক শ্যামল কান্তি সমাদ্দার ও কাউন্সিল শাখার সহকারী রেজিস্ট্রার শহিদুল আলম হাওলাদার এই নিয়োগের পেছনে কাজ করেছেন। তবে প্রত্যেকেই অভিযোগ অস্বীকার করে বলেছেন, নিয়মমাফিক সব নিয়োগ হয়েছে।উপাচার্যের ব্যক্তিগত সচিব হাওলাদার আলমগীর হাদি প্রথম আলোকে বলেন, ‘আমার কাউকে নিয়োগ দেওয়ার ক্ষমতা নেই। তবে যত নিয়োগই হয়েছে, সব নিয়ম মেনেই হয়েছে।’অডিট সেলের উপ-পরিচালক শেখ মুজিবুর রহমান বলেন, উপাচার্য নিয়ম মেনেইে সবাইকে নিয়োগ দিয়েছেন। অতীতে এর চেয়েও বেশি নিয়োগ হয়েছে। সে হিসেবে এখন খুব বেশি নিয়োগ হয়নি। মোট কতজন নিয়োগ দেওয়া হয়েছে, জানতে চাইলে তিনি বলেন, ২০ থেকে ২৫ জন হতে পারে।বিষয়টি নিয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাইফুদ্দিন শাহ প্রথম আলোকে বলেন, প্রয়োজন আছে বলেই সবাইকে নিয়োগ দেওয়া হয়েছে। শূন্যপদের বিপরীতেই নিয়ম মেনে এসব হয়েছে। ১৯ বছর চাকরি করার পরও অনেকে নিয়োগ পাননি, এমন অভিযোগ সম্পর্কে উপাচার্য বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ের সবাইকে আমি চিনি। তাঁদেরও ধীরে ধীরে নিয়োগ দেওয়া হবে। নিজের আত্মীয়স্বজনের নিয়োগ সম্পর্কে তিনি বলেন, ‘দু-একজন আত্মীয়স্বজন থাকতে পারেই। এটি এমন কোনো অন্যায় নয়। সব প্রতিষ্ঠানেই এটি হয়।’