ছাত্রকল্যাণবিষয়ক পরিচালকের পদত্যাগ
খুলনা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন পেশ
খুলনা বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর এবং প্রথম আলোর আলোকচিত্রীকে আটকে রাখার ঘটনায় বিশ্ববিদ্যালয়ে গঠিত তদন্ত কমিটি আজ মঙ্গলবার তাদের প্রতিবেদন পেশ করেছে। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ড প্রতিবেদন পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।এদিকে প্রতিবেদন দাখিলের পরপরই বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণবিষয়ক পরিচালক অধ্যাপক মো. মনিরুল ইসলাম আজ রেজিস্ট্রারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার গাজী আবদুল্লাহেল বাকী প্রথম আলোকে জানান, ভাঙচুরের ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রায় দেড় মাস অভিযুক্ত ছাত্র, শিক্ষক, প্রথম আলোর আলোকচিত্রী ও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ শেষে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। তিনি বলেন, ছাত্রকল্যাণবিষয়ক পরিচালকও তাঁর পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এটি কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা নেওয়ার জন্য পেশ করা হয়েছে।গত ৫ এপ্রিল রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কক্ষ ও আবাসিক হলে ব্যাপক ভাঙচুরের ঘটনায় পরের দিন সাত সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রধান নগর ও গ্রামীণ পরিকল্পনা বিভাগের প্রধান গোলাম মরতুজা প্রথম আলোকে জানান, নিয়ম অনুযায়ী তদন্ত কমিটির প্রতিবেদন রেজিস্ট্রারের মাধ্যমে শৃঙ্খলা বোর্ডের কাছে জমা দেওয়া হয়েছে। এখন তারাই পর্যালোচনা করে এ ব্যাপারে পদক্ষেপ নেবে। তবে এ ঘটনার সঙ্গে কারা জড়িত, এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।ছাত্রকল্যাণবিষয়ক পরিচালক মো. মনিরুল ইসলাম প্রথম আলোকে জানান, ‘ব্যক্তিগত কারণে আমি আমার পদ থেকে অব্যাহতি চেয়েছি। এই মুহূর্তে এই পদ থেকে সরে যাওয়াই আমার কাছে সমীচীন মনে হয়েছে।’প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ে ভাঙচুরের ঘটনার পর গত ৬ এপ্রিল খুলনা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।