‘খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রভাষক পদে শিক্ষক নিয়োগের বাছাই বোর্ডের চেয়ারম্যান ড. পূর্ণেন্দু গাইনের স্ত্রী রীতা মজুমদারকে বোর্ড কর্তৃক সুপারিশে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উত্থাপিত হওয়ায় নিজ স্ত্রীকে অবৈধ পন্থায় শিক্ষক নিয়োগের হীন প্রচেষ্টার জন্য মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর ‘‘উপ-উপাচার্য পূর্ণেন্দু গাইনের চাকরি যাওয়া উচিত” মর্মে মন্তব্য করেছেন। বিষয়টি তাঁর সদয় অবগতি ও পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’১২ জুলাই রাষ্ট্রপতির কার্যালয় থেকে পাঠানো এক চিঠিতে এ কথা উল্লেখ করা হয়। রাষ্ট্রপতির কার্যালয়ের একজন সিনিয়র সহকারী সচিব শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ও খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে ওই চিঠি পাঠান।জানতে চাইলে শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমান গত বুধবার প্রথম আলোকে বলেন, রাষ্ট্রপতির দপ্তর থেকে তিনি চিঠিটি পেয়েছেন। এখন রাষ্ট্রপতির দিকনির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য একটি সারসংক্ষেপ বঙ্গভবনে পাঠানোর প্রক্রিয়া চলছে। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত বছরের ২৯ অক্টোবর গণিত বিভাগের প্রভাষক নিয়োগ পরীক্ষা হয়। ওই পরীক্ষায় সহ-উপাচার্যের স্ত্রীসহ ২৯ জন প্রার্থী ছিলেন। ওই নিয়োগ বোর্ডের সভাপতি ছিলেন সহ-উপাচার্য পূর্ণেন্দু গাইন। রীতা মজুমদার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন খুলনা সরকারি বিএল কলেজ থেকে ২০০১ সালে গণিত বিষয়ে স্নাতক (সম্মান) ও ২০০৩ সালে স্নাতকোত্তর পাস করেন। শিক্ষাগত যোগ্যতায় রীতা মজুমদার অন্যদের তুলনায় পিছিয়ে থাকার কারণে শিক্ষক সমিতিসহ বিভিন্ন জায়গা থেকে তাঁকে নিয়োগের ব্যাপারে আপত্তি ওঠে। কিন্তু পূর্ণেন্দু গাইন সব আপত্তি অগ্রাহ্য করে বোর্ডে স্ত্রীকে তৃতীয় স্থানে রাখেন। সহ-উপাচার্যের এই সিদ্ধান্তের কারণে ২ নভেম্বর ১৩৯তম সিন্ডিকেট সভা গণিত ডিসিপ্লিনের শিক্ষক নিয়োগ স্থগিত করে। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, খুলনা বিশ্ববিদ্যালয় আইন-১৯৯০ এর ৩৪(৩) নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতির কাছে এ বিষয়ে সিদ্ধান্তের জন্য পাঠানো হয়। ১২ জুলাই রাষ্ট্রপতির কাছ থেকে সিদ্ধান্ত জানিয়ে চিঠি পাঠানো হয়। ওই চিঠিতে সহ-উপাচার্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয় এবং ওয়াহিদুজ্জামান ও মোহিতুল ইসলামকে প্রভাষক হিসেবে নিয়োগের সুপারিশ করা হয়। ১৮ জুলাই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ চিঠি গ্রহণ করেছেন। বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র জানায়, শিক্ষক নিয়োগ নিয়ে ওই ঘটনার পরপরই সহ-উপাচার্যের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে রাষ্ট্রপতির দপ্তরে অভিযোগ করেন খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী মোহাম্মদ আলী। তিনি সহ-উপাচার্য পূর্ণেন্দু গাইনের অযোগ্যতা, অদক্ষতা, স্বজনপ্রীতির বিষয়ে অভিযোগ তুলে তাঁর অপসারণের দাবি করেন। অভিযোগের অনুলিপি প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টাকেও দেওয়া হয়। ওই অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একটি প্রতিনিধিদল তদন্ত করে। ওই তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি সহ-উপাচার্যের বিরুদ্ধে সিদ্ধান্তের কথা জানান বলে জানা গেছে। রাষ্ট্রপতির চিঠির পর ২৫ জুলাই শিক্ষক সমিতির বৈঠক বসে। ওই বৈঠকে রাষ্ট্রপতির এই সিদ্ধান্তকে দুই-তৃতীয়াংশের বেশি শিক্ষক সঠিক বলে মত দেন। তাঁরা উপাচার্যকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বলেন। বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র জানায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক সময়ের নিয়োগের অনিয়ম, ছাত্র বিক্ষোভের জের ধরে ৩৪ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পেছনে সহ-উপাচার্যের শক্ত ভূমিকা ছিল। অভিযোগের বিষয়ে জানতে চাইলে সহ-উপাচার্য পূর্ণেন্দু গাইন প্রথম আলোকে বলেন, ‘আমি শুনেছি আমার বিরুদ্ধে এমন অভিযোগ এসেছে। তবে আনুষ্ঠানিকভাবে আমাকে কেউ কিছু জানায়নি।’ উপাচার্য সাইফুদ্দিন শাহ প্রথম আলোকে বলেন, ‘রাষ্ট্রপতির দপ্তর থেকে পরপর দুটি চিঠি এসেছে। প্রথম চিঠি এসেছে আমার বরাবরে। ওই চিঠিতে সহ-উপাচর্যের স্ত্রীকে নিয়োগ না দিতে বলা হয়েছে। ওয়াহিদুজ্জামান ও মোহিতুল ইসলামকে নিয়োগ দিতে বলা হয়েছে। দ্বিতীয় চিঠিটি শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের বরাবরে গেছে এবং আমাকে একটি অনুলিপি দেওয়া হয়েছে।’ সহ-উপাচার্যের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, জানতে চাইলে উপাচার্য বলেন, মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে কোনো নির্দেশনা এলে তিনি পালন করবেন। শিক্ষক সমিতির সভাপতি এ কে ফজলুল হক বলেন, শিক্ষক সমিতির বৈঠকে বিষয়টি নিয়ে অনেক কথা হয়েছে। তবে পুরো বিষয়টি গোপনীয়। কেন অভিযোগ করেছেন, জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, ‘এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের আন্দোলন ও দাবির মুখে খুলনা বিশ্ববিদ্যালয় হয়েছে। কিন্তু এ ধরনের লোক সহ-উপাচার্য থাকলে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন সম্ভব হবে না।’