খুলনা বেতারের ৪০ বছর পূর্তি উদ্যাপিত
খুলনা বেতারের ৪০ বছর পূর্তি উপলক্ষে ৪ ডিসেম্বর শনিবার দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলা ১১টায় বেতার কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানমালা শুরু হয়। বিকেল চারটায় “হে নতুন দেখা দিক আরবার” শিরোনামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের আঞ্চলিক পরিচালক সামছুর আলী বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক কে এম শামীম চৌধুরী। অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক অনুষ্ঠান, সেরাকণ্ঠ-১০ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।মহানগন বিএনপির সাংস্কৃতিক উপকমিটির সভা: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে খুলনা মহানগর বিএনপির সাংস্কৃতিক উপকমিটির সভা ৪ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সাংস্কৃতিক উপকমিটির আহ্বায়ক সৈয়দা রেহানা ঈসার সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন সদস্যসচিব মেহেদী হাসান, দিদারুল আলম, আবু হোসেন, এ কে এম শহিদুল আলম, শের আলম, আজিজ হাসান, মোহাম্মদ আলী প্রমুখ। সভায় বিজয় দিবসের অনুষ্ঠানে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ওপর গীতি আলেখ্য ও দেশাত্মবোধক সংগীত পরিবেশনের সিদ্ধান্ত নেওয়া হয়।জাতীয় কবিতা পরিষদের আলোচনা সভা: ‘বিজয় ডিসেম্বর’ শীর্ষক এক আলোচনা সভা ও স্বরচিত কবিতা পাঠের মধ্য দিয়ে জাতীয় কবিতা পরিষদ খুলনা জেলা শাখার সভা ৩ ডিসেম্বর শুক্রবার বিকেল পাঁচটায় নগরের উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি আলী কাশেম। আলোচনায় অংশ নেন কবি সবুরননেসা, অলি রহমান, এস এম হুসাইন বিল্লা, দেবাশীষ চক্রবর্তী, নূরজাহান বেগম, শ্যামল দেবনাথ, এল কে টফি। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন জেসমিন জামান, রথীন্দ্রনাথ সরকার, অঞ্জলী রানী পালকুন্ডু, মোস্তাফিজুর রহমান, কবির হোসেন, সরল দাস প্রমুখ।রাইটার্স ক্লাবের সাহিত্য আসর৩ ডিসেম্বর সকালে খুলনা রাইটার্স ক্লাবের নিজস্ব কার্যালয়ে সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসিফ আলতাফ। মুখ্য আলোচক ছিলেন কবি ও গল্পকার ফিরোজ আহমেদ। অনুষ্ঠানে স্বরচিত কবিতা ও গল্প পাঠ করেন সৈয়দ আবদুল মতিন, শেখ রোমেল রহমান, রীনা জাহান, শেখ হীরা, ধ্রুব জ্যোতি, আবুল হোসেন, সাইফ সাত্তার, স্মৃতি ঘোষ, মো. সেলিম মোড়ল, প্রতাপ রুদ্র, নুরুন নাহার, কাজী রুমিসা প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রশান্ত কুমার সরকার।জোহরা খাতুন সাহিত্য পরিষদ: ২ ডিসেম্বর বিকেলে খুলনার জোহরা খাতুন সাহিত্য পরিষদের উদ্যোগে স্বরচিত কবিতা পাঠ ও আলোচনা সভা সংগঠনের দৌলতপুর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফরহাদ কাদির। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি মো. এনাম সাঈদ খোকন। মুখ্য আলোচক ছিলেন কবি কাজী রফিকুল ইসলাম। আলোচনা করেন বিভূষণ, কার্তিক চন্দ্র দাস ও কবি শেখ শামিম হোসেন। আসরে স্বরচিত লেখা পাঠ করেন আসিফ আলতাফ, এ কে আজাদ, শিবানী বিশ্বাস, মো. আজহারুল ইসলাম, মনিরা আক্তার, মদন কুমার দাস, সন্দীপ সরকার ও উত্তম কুমার বিশ্বাস।