খুলনা মহানগর জামায়াতের আমির পরওয়ারের জামিন নামঞ্জুর
পুলিশের দায়ের করা দ্রুত বিচার আইনের মামলায় খুলনা মহানগর জামায়াতে ইসলামীর আমির ও সাবেক সাংসদ মিয়া গোলাম পরওয়ারসহ অন্য আসামিদের জামিন নামঞ্জুর করা হয়েছে।আজ বুধবার দুপুরে খুলনার দ্রুত বিচার আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ জামিনের আবেদনের শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন। একই সঙ্গে আদালত পুলিশের তদন্ত প্রতিবেদন গ্রহণ করে আগামী ১৯ জুলাই অভিযোগ গঠনের দিন ধার্য করেন।জামায়াতের গ্রেপ্তার হওয়া ২৬ জন নেতা-কর্মী আজ আদালতে উপস্থিত ছিলেন।আদালত সূত্র জানায়, জামায়াতের শীর্ষ তিন নেতা নিজামী, সাঈদী ও মুজাহিদের মুক্তির দাবিতে গত ৩০ জুন নগরের ডাকবাংলো মোড়ে জামায়াত-শিবিরের মিছিলকালে পুলিশের ওপর হামলা এবং রাস্তায় যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে।এ ঘটনায় খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম বাদী হয়ে মিয়া গোলাম পরওয়ারসহ ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫০-২০০ ব্যক্তিকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা খুলনা সদর থানার এসআই মনিরুল ইসলাম সাত কার্যদিবসে তদন্ত শেষে গত সোমবার খুলনার মুখ্য মহানগর হাকিম মো. বারেকুজ্জামানের আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত অভিযোগপত্রটি গ্রহণ করে মামলাটি দ্রুতবিচার আদালতে পাঠান।