খুলনা মহানগর জামায়াতের আমিরসহ গ্রেপ্তার ১৮৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থান থেকে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ১৮৫ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রশাসনের অনুমতি ছাড়া বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর, পুলিশের সঙ্গে সংঘর্ষ, তাদের কাজে বাধা দেওয়ার অভিযোগে গত মঙ্গলবার রাত ও গতকাল বুধবার এই নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়। জামায়াত নেতাদের দাবি, শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশ করার চেষ্টা করলে পুলিশ তাঁদের নেতা-কর্মীদের গ্রেপ্তার করে।ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় গত মঙ্গলবার জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী গ্রেপ্তার হন। এর প্রতিবাদে দলটি গতকাল দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয়। এরই অংশ হিসেবে সারা দেশে বিক্ষোভ মিছিল, সমাবেশ করেন নেতা-কর্মীরা। এতে ইটের আঘাতে আহত হয়েছে অর্ধশতাধিক পুলিশ। অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শতাধিক নেতা-কর্মীকে লাঠিপেটা এবং ১৮৫ জনকে গ্রেপ্তার করে।গ্রেপ্তার হওয়া জামায়াত নেতাদের মধ্যে রয়েছেন খুলনা মহানগর জামায়াতে ইসলামীর আমির মিয়া গোলাম পরওয়ার, কুষ্টিয়া জেলা জামায়াতের আমির আবদুল ওয়াহেদ, চাঁদপুর শহর জামায়াতের আমির মো. শাহজাহান মিয়া, ঝালকাঠি জেলা জামায়াতের আমির হাফিজুর রহমান, রাজশাহী মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি আবু বকর সিদ্দিক। এ ছাড়া সাতটি পৌরসভা ও তিনটি উপজেলা জামায়াতের আমিরকে গ্রেপ্তার করা হয়েছে।ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:খুলনা: খুলনা মহানগর জামায়াতে ইসলামীর আমির মিয়া গোলাম পরওয়ার, সরকারি বি এল কলেজ ছাত্রশিবিরের সভাপতি আজিজুল ইসলাম ফরাজীসহ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ১৮ জন নেতা-কর্মীকে গতকাল গ্রেপ্তার করে পুলিশ। এর আগে তাঁরা গতকাল বিকেল সাড়ে চারটার দিকে নগরের ডাকবাংলো মোড়ে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলকারীরা ইট ও লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালান। এতে খুলনা সদর থানার ওসি মুনির-উল-গিয়াস ও উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম গুরুতর আহত হন। তাঁদের খুলনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুষ্টিয়া: কুষ্টিয়া শহরের সিঙ্গার মোড়, মজমপুর গেট, কুমারখালী, ভেড়ামারাসহ বিভিন্ন স্থান থেকে জামায়াতের ২৭ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন জেলা জামায়াতের আমির আবদুল ওয়াহেদ, নায়েবে আমির ফরহাদ হুসাইন, কুমারখালী পৌর কমিটির ভারপ্রাপ্ত আমির আবদুল বারী পাটোয়ারী ও ভেড়ামারা পৌর আমির হারুন-অর-রশীদ। এ সময় ভেড়ামারা আমিরের বাড়ি তল্লাশি করে চারটি বোমা উদ্ধার করে পুলিশ।বরিশাল: জেলা জামায়াতের বিক্ষোভ কর্মসূচি থেকে ১৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে মোস্তফা কামাল বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের আরবি শিক্ষক। অন্যরা নগরের বিভিন্ন মাদ্রাসা ও কলেজের শিবির কর্মী।যশোর: নাশকতার আশঙ্কায় শহরের খড়কি এলাকার ছাত্রশিবির নিয়ন্ত্রিত মুন্সীবাড়ি ছাত্রাবাসসহ বিভিন্ন এলাকা থেকে ১৩ জন শিবির কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।ফেনী: মঙ্গলবার সন্ধ্যায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার জের ধরে পুলিশ ২০ জনকে আটক করে। পরে তাঁদের মধ্যে জামায়াত-শিবিরের ১২ জন কর্মীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরে তাঁদের জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়।চাঁপাইনবাবগঞ্জ: পৌর জামায়াতের সেক্রেটারি আবুল হাসানসহ জামায়াত ও ছাত্রশিবিরের ১২ নেতা-কর্মীকে মঙ্গলবার গভীর রাত ও বুধবার সকালে গ্রেপ্তার করেছে পুলিশ।পাবনা: সদর উপজেলা জামায়াতের আমির আবদুল গফ্ফারসহ নয়জন নেতা-কর্মীকে গতকাল গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়ে জেলা জামায়াতের সেক্রেটারি আবু তালেব মণ্ডল বলেন, ‘আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল ও সমাবেশ করতে গেলে পুলিশ লাঠিপেটা করে আমাদের নেতা-কর্মীদের গ্রেপ্তার করেছে।’নাটোর: মঙ্গলবার রাতে নাটোর সদর ও বাগাতিপাড়া উপজেলা থেকে জামায়াতের ১০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি জেনারেল আবদুল আউয়াল, জেলা জামায়াতের দপ্তর সম্পাদক সাদেকুর রহমান, রুহুল কুদ্দুস মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কাজী রিয়াজুল হক, বাগাতিপাড়া উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক এ কে এম আফজাল হোসেন। মানিকগঞ্জ: গতকাল দুপুরে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিলের সময় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।সাতক্ষীরা: কলারোয়া উপজেলায় গত মঙ্গলবার রাতে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও জামায়াত নেতা ঈমান আলী শেখ, কলারোয়া সোনার বাংলা কলেজের অধ্যক্ষ মো. আশফাকুজ্জামানসহ জামায়াতের আটজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।বরগুনা: সরকারি কাজে বাধা ও শান্তি-শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মঙ্গলবার রাতে গ্রেপ্তার জামায়াতের চার নেতাসহ ছয়জনের বিরুদ্ধে বরগুনা থানায় মামলা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন পৌর জামায়াতের আমির মহিবুল্লাহ হারুন, জেলা রোকন সদস্য হাবিবুল্লাহ বেলালী, আফজালুর রহমান ও আবদুল হক। এদিকে পাথরঘাটা থেকে তিনজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।কসবা (ব্রাহ্মণবাড়িয়া): কসবা উপজেলায় গতকাল বিক্ষোভ মিছিল থেকে পুলিশের ওর ইট ছোড়া হয়। এতে ছয় পুলিশসহ সাতজন আহত হয়। এ ঘটনায় জড়িত অভিযোগে ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। চাঁদপুর: শহর জামায়াতের আমির মো. শাহজাহান মিয়া, মতলব দক্ষিণ উপজেলা জামায়াতের আমির মো. গোলাম মোস্তফাসহ জামায়াতের পাঁচজন নেতা-কর্মীকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়। ফুলবাড়ী (দিনাজপুর): মঙ্গলবার রাতে জামায়াতের ইসলামীর ফুলবাড়ী পৌর আমির মো. মঞ্জুরুল কাদির, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. জয়নাল আবেদীন, কোষাধ্যক্ষ মো. মিনহাজুল ইসলাম, বড়পুকুরিয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামায়াত নেতা মো. আবদুল মজিদসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গৌরীপুর (ময়মনসিংহ): জামায়াতের নেতা-কর্মীরা গতকাল সকালে মিছিল করলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপজেলা জামায়াতের আমির আবু বকর সিদ্দিক, সাহিত্যবিষয়ক সম্পাদক আবদুস সোবহান ও শ্রমবিষয়ক সম্পাদক রুহুল আমিনকে আটক ও মারধর করে। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। সেখানে তল্লাশি করে রুহুলের পকেট থেকে রিভলবারের তিনটি গুলি উদ্ধার করে পুলিশ।মেহেরপুর: জেলার বিভিন্ন স্থান থেকে মঙ্গলবার রাতে জেলা জামায়াতের রোকন সদস্য এনামুল হকসহ জামায়াতের চারজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। জুড়ী (মৌলভীবাজার): মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় গতকাল বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ জামায়াতে ইসলামীর চারজন কর্মীকে গ্রেপ্তার করে। ঝালকাঠি: মঙ্গলবার সন্ধ্যায় শহরের ফায়ার সার্ভিস মোড় থেকে জেলা জামায়াতের আমির হাফিজুর রহমানসহ সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ। জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত গতকাল নায়েবে আমির ফরিদুল হক, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, শিবির কর্মী মামুন অর রশিদ ও আশিকুর রহমানের জামিন মঞ্জুর করেন। জেলহাজতে পাঠানো হয় অন্য তিনজনকে। পিরোজপুর: শহরের ঈদগাহ মসজিদের পাশ থেকে জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ফারুক হোসেনের জামায়াতের তিনজন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী: গতকাল সন্ধ্যার পর রাজশাহী শহরের মণিচত্বরে মিছিল নিয়ে বের হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশি বাধার মুখে পড়েন জামায়াতের নেতা-কর্মীরা। পরে তাঁরা পুলিশকে লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করেন। এ সময় পুলিশ সেখান থেকে রাজশাহী মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি আবু বকর সিদ্দিক, সদস্য নাইমুল ইসলামসহ তিনজনকে গ্রেপ্তার করে। কুমিল্লা: জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা গতকাল দুপুরে শহরের শাসনগাছা, পুলিশ লাইন, চকবাজার ও রাজগঞ্জে পৃথক বিক্ষোভ মিছিল করেন। তাঁরা চকবাজার বাস টার্মিনালে ইট ছুড়ে দুটি বাস ভাঙচুর করেন। পুলিশ ওই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শিবিরের দুজন কর্মীকে গ্রেপ্তার করেছে। এদিকে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ইসলামিক ল ইয়ার্স কাউন্সিলের কুমিল্লা শাখার সেক্রেটারি ও জামায়াত নেতা শহীদুল্লাহকে প্রধান আসামি করে ১৮ জন নেতা-কর্মীর বিরুদ্ধে গত মঙ্গলবার রাতে পুলিশ মামলা করেছে। গত মঙ্গলবার পুলিশ শহরের রাজগঞ্জ এলাকা থেকে শহীদুল্লাহকে গ্রেপ্তার করে।চৌদ্দগ্রাম (কুমিল্লা): চৌদ্দগ্রামে গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় উপজেলা জামায়াতের আমির, সেক্রেটারি, পৌর আমির ও শিবিরের উপজেলা সভাপতি, সেক্রেটারিসহ ৬২ জন নেতা-কর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। পুলিশ এ মামলায় জামায়াতের ঘোলপাশা ইউনিয়ন পরিষদের সেক্রেটারিসহ দুজনকে গ্রেপ্তার করেছে। কুড়িগ্রাম: উলিপুরে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা জামায়াতের আমির আবদুল কুদ্দুস, সদস্য লিয়াকত আলী ও মাহা আলমকে গতকাল গ্রেপ্তার করেছে পুলিশ। নোয়াখালী: সেনবাগ উপজেলার সেবারহাট থেকে পুলিশ জামায়াতের দুজন কর্মীকে গ্রেপ্তার করেছে।বগুড়া: মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে বগুড়ার সোনাতলা পৌর জামায়াতের আমির ফজলুল করিমকে গ্রেপ্তার করা হয়েছে। জামায়াত শিবিরের নেতা-কর্মীরা মঙ্গলবার রাতে শাজাহানপুর ও সোনাতলা উপজেলায় বিক্ষোভ মিছিল, গাড়ি ভাঙচুরসহ রাস্তা অবরোধ করেন। গতকাল তাঁরা বগুড়া শহরের নামাজগড় ও দত্তবাড়িতে মিছিল করেন।নারায়ণগঞ্জ: রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত সন্দেহে গতকাল বন্দর উপজেলার কদমরসুল পৌর কমিটির জামায়াতে ইসলামির আমির শহীদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।ত্রিশাল (ময়মনসিংহ): ত্রিশালে উপজেলা জামায়াতের আমির আ. ন. ম. আব্দুল্লাহিল বাকীকে গতকাল মিছিল শেষে গ্রেপ্তার করা হয়েছে।জামালপুর: মাদারগঞ্জ থানার পুলিশ গতকাল দুপুরে স্থানীয় জামায়াত নেতা মুখলেছুর রহমানকে গ্রেপ্তার করেছে।আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): আখাউড়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ফুয়াদ উদ্দিন আহমদকে মঙ্গলবার রাতে পৌর শহরের তারাগন গ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।এদিকে পুলিশের বাধা ও ছাত্রলীগ-যুবলীগ কর্মীদের হামলায় নোয়াখালী শহর ও বেগমগঞ্জের চৌমুহনী, জয়পুরহাটের কালাই, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পণ্ড হয়ে গেছে।নিজামীর এলাকায় বিক্ষোভ হয়নি: বেড়া (পাবনা) প্রতিনিধি জানান, মতিউর রহমান নিজামীসহ জামায়াতের তিনজন কেন্দ্রীয় নেতার গ্রেপ্তারের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হলেও তাঁর নিজ নির্বাচনী এলাকা বেড়া ও সাঁথিয়া উপজেলায় জামায়াতের তেমন কোনো কর্মসূচি পালিত হয়নি। বেড়া উপজেলা জামায়াতের আমির আবদুল বাছেত খান বলেন, ‘জেলা পর্যায় থেকে কোনো নির্দেশনা না আসায় আমরা কোনো বিক্ষোভ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিইনি।’আনন্দ মিছিল: জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতাদের গ্রেপ্তারের ঘটনায় গত মঙ্গলবার পাবনার বেড়া পৌর আওয়ামী লীগ, গতকাল পিরোজপুর ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ও চট্টগ্রামের মিরসরাই ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগ, সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড আনন্দ মিছিল করেছে।