খুলনা মহানগরে ১৩ স্থানে আজ মধ্যরাত থেকে ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা মেট্রোপলিটন পুলিশ আজ বৃহস্পতিবার মহানগরের ১৩টি গুরুত্বপূর্ণ স্থানে মধ্যরাত থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে। কাল শুক্রবার ওই সব স্থানে কয়েকটি রাজনৈতিক দল ও তাদের সহযোগী সংগঠন সমাবেশ আহ্বান করায় এ নির্দেশ জারি করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে পুলিশ কমিশনার মো. শফিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল নগরের শিববাড়ী মোড়ে বাংলাদেশ মুসলিম উম্মা ঐক্যপরিষদের মহানগর শাখা ও ইসলামী আইন বাস্তবায়ন কমিটির খুলনা শাখা, কেডিএ নিউমার্কেটের পাশে বায়তুল নূর জামে মসজিদ-সংলগ্ন চত্বরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খুলনা মহানগর ও জেলা ইউনিট কমান্ড এবং আওয়ামী যুবলীগ মহানগর শাখা সমাবেশের ডাক দিয়েছে। একই দিন নগরের শহীদ হাদিস পার্কে বাংলাদেশ কৃষক লীগের মহানগর শাখা ও ছাত্রলীগ মহানগর শাখা এবং দৌলতপুরে পাবলা নতুন রাস্তা মোড়ে ছাত্রলীগ জেলা শাখা ও স্বাধীনতা চিকিত্সক পরিষদ খুলনা শাখা একই স্থানে একই সময়ে সমাবেশ ডেকেছে। এতে মহানগরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।নগরের যেসব স্থানে ১৪৪ ধারা বলবত্ থাকবে তা হলো—শিববাড়ী মোড়, বায়তুল নূর মসজিদ চত্বর, ময়লাপোতা মোড়, ফেরিঘাট মোড়, শহীদ হাদিস পার্ক, রূপসা ফেরিঘাট মোড়, রয়েল চত্বর, নিরালা পুরাতন কাঁচাবাজার, পাবলা নতুন রাস্তা মোড়, পিপলস গোলচত্বর, দৌলতপুর বাসস্ট্যান্ড, ফুলবাড়ী গেট, শিরোমণি বাজার ও আশপাশের এলাকা।