খুলনা মেডিকেল কলেজ বন্ধের ঘোষণা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রদের আন্দোলনের মুখে খুলনা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পাঁচ ঘণ্টার মধ্যেই তা প্রত্যাহার করা হয়েছে। এদিকে কলেজের অধ্যক্ষ হামিদ আজগর পদত্যাগের মৌখিক ঘোষণা দিয়েছেন।গত বৃহস্পতিবার থেকে কলেজের সাধারণ শিক্ষার্থীরা সাত দফা দাবিতে আন্দোলন করে আসছিলেন। এরই পরিপ্রেক্ষিতে আজ রোববার সকালে অধ্যক্ষ হামিদ আজগরের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের বৈঠকে কলেজ অনির্দিষ্টকালের বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের সন্ধ্যা ছয়টার মধ্যে হোস্টেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।ছাত্রদের দাবিগুলো হলো ক্যাম্পাসে শহীদ মিনার স্থাপন, শিক্ষকসংকট, ক্যাম্পাসে নিরাপত্তার অভাব, লাইব্রেরির স্থানস্বল্পতা, ছাত্রীদের নিরাপত্তা-সংক্রান্ত সমস্যা, কলেজে বাসের অভাব এবং অপর্যাপ্ত শ্রেণীকক্ষের অভাব দূর করা।এসব দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনের শুরু থেকেই বিভিন্ন স্লোগান দিয়ে অধ্যক্ষের কক্ষের সামনে অবস্থান ধর্মঘট ও প্রতিবাদ সমাবেশ করছিলেন। গতকাল তাঁরা কলেজের প্রশাসনিক ভবনে তালাও লাগিয়ে দেন। উল্লেখ্য, গত বুধবার হাসপাতালে এন্ড্রোসকপি মেশিন উদ্বোধনকে কেন্দ্র করে অধ্যক্ষ ও শিক্ষকদের একপক্ষের মধ্যে বাক-বিতণ্ডা হয় এবং কয়েকজন চিকিত্সক এ সময় লাঞ্ছিত হন।এ ব্যাপারে জানতে চাইলে ফোনে অধ্যক্ষ বলেন, ‘আমি ছাত্রদের বলেছি, তোমরা (ছাত্ররা) যখন ছাড়ছ না, তখন আমি থাকব না। তবে আমি মেয়রের সঙ্গে কথা বলব। আর কলেজ বন্ধের যে ঘোষণা, তা স্থগিত করা হয়েছে।’বেলা দুইটার থেকে বিএমএর সহসভাপতি ও স্বাচিপের নেতা বাহারুল আলমের সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক শেষে অধ্যক্ষ বেরিয়ে এসে বিকেল পৌনে তিনটার দিকে ছাত্রদের এ কথা বলেন।