খুলনা মেডিকেল কলেজ: ছাত্রলীগের ২ নেতা বহিষ্কার
খুলনা মেডিকেল কলেজে ছাত্রলীগের সভাপতি চয়ন বিশ্বাস ও সাধারণ সম্পাদক আসিব ইকবালকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। আজ রোববার সকালে একাডেমিক কাউন্সিলের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। দুর্নীতি, চাঁদাবাজি ও অছাত্রসুলভ আচরণের অভিযোগে চয়ন ও আসিবকে বহিষ্কার করা হয়েছে বলে জানায় কলেজ কর্তৃপক্ষ। বহিষ্কৃত দুই ছাত্রনেতাই কে-১৫ ব্যাচের ছাত্র।কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সাব্বির মাহমুদ অয়ন প্রথম আলোকে বলেন, প্রায় এক মাস ধরে কলেজে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তাঁদের কয়েকজনের দুর্নীতি ও অছাত্রসুলভ আচরণের কারণে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। শিক্ষার্থীরা এঁদের বহিষ্কারের দাবিতে কলেজ কর্তৃপক্ষের কাছে লিখিত দাবিও জানান। এ ছাড়া কলেজে অবস্থান ধর্মঘটসহ প্রতিবাদ কর্মসূচি অব্যাহত ছিল।কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী হামিদ আজগর প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীদের অভিযোগের ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদন দাখিলের পর আজ একাডেমিক কাউন্সিলের সভায় বহিষ্কারের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে নিয়মানুযায়ী তাদের চিঠি দিয়ে জানানো হবে।এদিকে কলেজ ছাত্রলীগের সভাপতি চয়ন বিশ্বাস দাবি করেছেন, ক্ষমতা কুক্ষিগত করতে ছাত্রলীগের জিল্লুর রহমান ও সাব্বির মাহমুদ অয়নের নেতৃত্বে একটি পক্ষ সাধারণ শিক্ষার্থীদের উস্কানি দিচ্ছে। তিনি স্বাধীনতা চিকিত্সক পরিষদের কয়েকজন নেতার এ ব্যাপারে জড়িত থাকার অভিযোগ তোলেন।