খুলনা মেডিকেল কলেজের হল দখল করল ছাত্রশিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা মেডিকেল কলেজের একটি ছাত্রাবাস (হল) গতকাল রোববার ভোরে দখল করেছেন ইসলামী ছাত্রশিবিরের একদল নেতা-কর্মী। কলেজ কর্তৃপক্ষ দিনভর চেষ্টা করেও হলটি দখলমুক্ত করতে পারেনি।প্রত্যক্ষদর্শী ও কলেজ কর্তৃপক্ষ সূত্র জানায়, ছাত্রশিবিরের ১৮ জন নেতা-কর্মী গতকাল ভোরে এফ-৩ হলের ফটকের তালা ভেঙে ভেতরে ঢোকেন। পরে তাঁরা হলের ফটকের ভেতর থেকে দুটি তালা ঝুলিয়ে দেন। হলের বাইরে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন। এই পরিস্থিতিতে সকাল ১০টার দিকে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়। পুলিশের অন্তত ৩০ জন সদস্য এফ-৩ হলের বাইরে অবস্থান নেন।ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক মনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘ছাত্রশিবিরের নেতা-কর্মীরা বিনা অনুমতিতে ইন্টার্ন চিকিৎসকদের থাকার ওই ফাঁকা হলে উঠে পড়েন। আমরা বারবার হল ছাড়ার কথা বললেও তাঁরা শোনেননি।’ছাত্রশিবিরের কলেজ শাখার সভাপতি ও শেষ বর্ষের ছাত্র আবদুল্লাহ আল-মামুন ওই হলের ভেতর থেকে প্রথম আলোকে বলেন, ‘প্রায় দুই বছর আগে ছাত্রলীগের নেতা-কর্মীরা আমাদের হল থেকে বের করে দেন। আমরা বহু কষ্টে এত দিন বাইরে থেকেছি। হলে উঠতে শিক্ষকদের সহযোগিতা চেয়েও পাইনি। এই হল ফাঁকা পেয়ে আজ আমরা নিজেরাই উঠে পড়েছি।’হলের ভেতর থেকে ছাত্রশিবিরের কর্মী মেহেদী বলেন, ‘ক্যাম্পাসে আমাদের নিরাপত্তা দিতে হবে। হলে থাকার জায়গা দিতে হবে। সবকিছু নিশ্চিত করা হলেই আমরা এই হল ছেড়ে যাব।’নাম প্রকাশ না করার শর্তে মেডিকেল কলেজের একাধিক কর্মকর্তা বলেন, কলেজের অধ্যক্ষ হামিদ আসগর ও ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক মনোয়ার হোসেন ওই হল ছেড়ে দেওয়ার জন্য ছাত্রশিবিরের নেতা-কর্মীদের দিনভর বোঝান। তাতে কাজ হয়নি। অধ্যক্ষের নেতৃত্বে সন্ধ্যা ছয়টার দিকে হল ফটকের তালা ভাঙার চেষ্টা করা হয়। কিন্তু ছাত্রশিবিরের নেতা-কর্মীরা তালাগুলো আঁকড়ে থাকায় সেই চেষ্টা ব্যর্থ হয়।পৌনে সাতটার দিকে অধ্যক্ষ হামিদ আজগর সাংবাদিকদের বলেন, উদ্ভূত পরিস্থিতিতে কাল (আজ সোমবার) নয়টায় একাডেমিক কাউন্সিলের সভা হবে। সেখানে এ ব্যাপারে করণীয় ঠিক করা হবে। সন্ধ্যা সাতটার দিকে অধ্যক্ষ ঘটনাস্থল ছেড়ে যান। তবে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রাখা হয়।