খুলনা মেডিকেল বন্ধ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ছাত্রলীগের দুই পক্ষের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে গতকাল মঙ্গলবার খুলনা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। নির্দেশ অনুযায়ী, রাত আটটার মধ্যে ছাত্রাবাস ত্যাগ করেন শিক্ষার্থীরা। গতকাল কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গতকাল সকালে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে হামলা ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে সংগঠনের অন্তত সাত নেতা-কর্মী আহত হন। তাৎক্ষণিকভাবে এর প্রতিবাদে এক পক্ষ অধ্যক্ষের কক্ষে অবস্থান নিয়ে প্রতিপক্ষের কয়েকজনকে বহিষ্কারের দাবি জানান। অপর পক্ষের নেতা-কর্মীরাও অধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করলে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।কলেজ ছাত্রলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হিমাদ্রি শেখর প্রথম আলোর কাছে দাবি করেন, ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ হলেও কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির মাহমুদ, আরাফাত মাহমুদ ও নাঈম-উল আলমের নেতৃত্বে একটি পক্ষ সাধারণ শিক্ষার্থীদের রাজনৈতিক সমাবেশে যোগ দিতে বাধ্য করছে। এ ছাড়া ক্যাম্পাসে ভাঙচুর, মাদক সেবন ও ছাত্রীদের উত্ত্যক্তকরণে তারা জড়িত উল্লেখ করে তাদের বহিষ্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা গতকাল সকাল ১০টার দিকে অধ্যক্ষের কার্যালয়ে স্মারকলিপি দিতে যান। কিন্তু প্রতিপক্ষ সাব্বির গ্রুপ বাধা দিলে সেখানে পাল্টাপাল্টি ও হামলার ঘটনা ঘটে। কলেজসূত্র জানায়, এ হামলায় ইন্টার্নি চিকিৎসক পরিষদের সভাপতি নেওয়াজ মোস্তাফিজ চৌধুরী, ছাত্রলীগের আসিফ ইকবাল, তরুণ, আরাফাত মাহমুদ, নাঈম-উল আলম, মেহেদি হাসান মিথুন ও স্বপন বড়ুয়া কমবেশি আহত হন।ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির মাহমুদ বলেন, চাঁদাবাজি ও অছাত্রসুলভ আচরণের দায়ে বহিষ্কৃত ছাত্রলীগের সভাপতি চয়ন বিশ্বাস ও সাধারণ সম্পাদক আসিফ ইকবাল গতকাল আবারও ক্যাম্পাসে প্রবেশ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তিনি বলেন, মূলত তাঁদের সুযোগ করে দিতেই নেওয়াজ মোস্তাফিজ চৌধুরী ও তাঁর অনুসারীরা পরিকল্পিতভাবে ক্যাম্পাসে অস্থিরতা সৃষ্টি করছে। তবে নেওয়াজ মোস্তাফিজ অস্থিরতা সৃষ্টির অভিযোগ অস্বীকার করেন।গতকাল অধ্যক্ষের কার্যালয়ের সামনে সাব্বির মাহমুদ অয়ন পক্ষের অবস্থানধর্মঘট চলাকালে দুপুর সাড়ে ১২টার দিকে বহিষ্কৃত চয়ন বিশ্বাস ও আসিফ ইকবাল ক্যাম্পাসে প্রবেশ করলে উত্তেজনা বৃদ্ধি পায়। এর মধ্যে দুই পক্ষই ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে পৃথক স্মারকলিপি দেয়। জরুরি পরিস্থিতিতে ডাকা একামেডিক কাউন্সিলের সভা শুরু হয় দুপুর একটার দিকে। দুপুর আড়াইটায় সভা শেষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী হামিদ আসগার সংঘর্ষ এড়াতে অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধের ঘোষণা দেন এবং রাত আটটার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেন। কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের প্রতিবাদে দুই পক্ষই ক্যাম্পাসে মিছিল বের করে।মহানগর পুলিশের সহকারী কমিশনার (সোনাডাঙ্গা মডেল থানার দায়িত্বপ্রাপ্ত) প্রত্যুষ কুমার মজুমদার প্রথম আলোকে জানান, কলেজ কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী রাত আটটার মধ্যে সব শিক্ষার্থী হল ত্যাগ করে চলে গেছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রসঙ্গত, ১১ জানুয়ারি কলেজ একাডেমিক কাউন্সিলের সভায় পঞ্চম বর্ষের ছাত্র চয়ন বিশ্বাস ও আসিফ ইকবালকে কলেজ ও ছাত্রাবাস থেকে ছয় মাসের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।