খুলনা-সাতক্ষীরায় বাঁধ ঝাঁঝরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বেড়িবাঁধগুলানকে ঘের-বাড়ির লোকেরা আগে থাকি ঝাঁঝরা বানাই রাখিছে। বাঁধ কাটি স্লুইস বানাই আর ফুটা করি পাইপ ঢুকাই বাঁধের হায়াত আগেই অর্ধেক শেষ করি রাখিছে। সিডর আর আইলার ধাক্কায় তাই সব বাঁধ হুড়মুড় করে ভাঙ্গি পড়িছে।’ খুলনার দাকোপ উপজেলার কালাবগী গ্রামের জালাল গাজীর এই বক্তব্যের সত্যতা পাওয়া গেল হাতেনাতে। গ্রাম রক্ষাকারী বাঁধটির মাঝ বরাবর তৈরি করা হয়েছে একটি স্লুইসগেট। বাঁশ ও কাঠ দিয়ে তৈরি সেটি। পানি উন্নয়ন বোর্ড খুলনার বিভাগীয় কার্যালয়ের হিসাবে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার এক হাজার ১২ কিলোমিটার বেড়িবাঁধ আইলা ও সিডরের আঘাত থেকে রক্ষা পেয়ে এখনো টিকে আছে। স্থানীয় চিংড়ি ব্যবসায়ীরা এই বাঁধগুলোতে অবৈধভাবে প্রায় আড়াই হাজার স্লুইসগেট করেছেন। বাঁধে প্রায় ১০ হাজার ফুটো করে পাইপ দিয়ে লোনাপানি ঢোকানো হচ্ছে ভেতরে।দাকোপ উপজেলার কামারখোলা ও সুতারখালী ইউনিয়ন, কয়রা ও সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নদীপথ ধরে বেড়িবাঁধের যেখানেই যাওয়া গেছে, সেখানেই দেখা গেছে অসংখ্য অবৈধ স্লুইসগেট। বাঁধ কেটে আনাড়িভাবে বাঁশ ও কাঠ দিয়ে তৈরি এই স্লুইসগেটগুলোর দুই পাশের মাটি সরে যাচ্ছে। ফলে জোয়ার-ভাটার পানি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বাঁধের নিচের অংশে ফুটো করে পাইপ ঢোকানো আছে বেশির ভাগ জায়গায়। চিংড়িঘের মালিকেরা বাঁধের এই সর্বনাশ করেছেন ঘেরে পানি ঢোকানোর জন্য। ষাটের দশকে উপকূলীয় বেড়িবাঁধ কর্মসূচির আওতায় তৈরি এই বাঁধগুলো পরিচর্যা ও মেরামতের অভাবে এমনিতেই দুর্বল। তার ওপর অবৈধ স্লুইসগেটের কারণে দাকোপের কামারখোলা ও সুতারখালী ইউনিয়ন, কয়রা উপজেলার মহেম্বরীপুর, মহারাজপুর ও সদর ইউনিয়ন এবং সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের লক্ষ্মীখালী, চকবাড়া, পারসিমারী ও পদ্মপুকুরের ঝাপা, পানখালী, কালিতলা ও চুইবাড়িতে বাঁধগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। খুলনার দাকোপ ও পাইকগাছা উপজেলায় রয়েছে সর্বোচ্চ ৯০৯টি অবৈধ স্লুইসগেট। অবৈধ স্লুইসগেট নির্মাণের অভিযোগে পাউবো ১৭১ জন চিংড়িচাষির বিরুদ্ধে থানায় এফআইআর করেছে। ৬৯৬ জনকে নোটিশ দিয়েছে। গত বৃহস্পতিবার সরেজমিনে দাকোপ ও কয়রায় ঘুরে দেখা গেছে, ঘের মালিকেরা অবৈধ স্লুইসগেট দিয়ে ঘেরে পানি ঢোকাচ্ছেন। পানি উন্নয়ন বোর্ড খুলনা বিভাগীয় কার্যালয়ের সুপারিনটেনডেন্ট মোস্তাক আহমেদ প্রথম আলোকে জানান, ষাটের দশকে উপকূলীয় বেড়িবাঁধগুলো ৪ দশমিক ২৭ মিটার উচ্চতায় করা হয়েছিল। তখন জোয়ারের উচ্চতা ছিল আড়াই থেকে তিন মিটার। বর্তমানে ক্ষয়প্রাপ্ত হয়ে বাঁধের উচ্চতা তিন থেকে সাড়ে তিন মিটারে নেমে এসেছে। আর নদীতে পলি পড়া ও অন্যান্য কারণে জোয়ারের উচ্চতা তিন থেকে সাড়ে তিন মিটার পর্যন্ত হয়ে গেছে। ফলে বাঁধ উপচে পানি গ্রামে ঢুকে পড়ছে। পাউবো সূত্রে জানা গেছে, ১৯৯৪ সাল পর্যন্ত বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) গম সহায়তার আওতায় বেড়িবাঁধগুলো মেরামত ও রক্ষণাবেক্ষণ করা হতো। প্রতিটি ইউনিয়নে একজন করে বাঁধ তদারকির জন্য খালাসি নিয়োজিত থাকতেন। ১৫ বছর ধরে এ কার্যক্রম বন্ধ। পানিবিশেষজ্ঞ আইনুন নিশাতের মতে, ভবিষ্যতে সিডর বা আইলার মতো ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য বেড়িবাঁধগুলোকে আরও কমপক্ষে দুই মিটার উঁচু করতে হবে। বাঁধের নকশায়ও আনতে হবে পরিবর্তন। জলোচ্ছ্বাস মোকাবিলায় বেড়িবাঁধের দুই পাশে ঢাল রাখতে হবে। বাঁধের দুই পাশে সবুজ বেষ্টনী গড়ে তুলতে হবে। এসব ব্যবস্থা না নিলে সামনের দিনে যেকোনো মাঝারি ধরনের ঝড়-জলোচ্ছ্বাসে আরও বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে। তিনি বলেন, দুই কোটি উপকূলবাসীকে এই ঝুঁকি থেকে রক্ষা করতে হলে সরকারকে এখনই জরুরি উদ্যোগ নিতে হবে।