খুলনা সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রয়াত শহীদ ইকবাল বিথার হত্যাকাণ্ডের অভিযোগপত্র দাখিল, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত ও নগরের সন্ত্রাস ও মাদক ব্যবসা বন্ধের দাবিতে অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। ২ মার্চ সিটি মেয়র তালুকদার আবদুল খালেকের নেতৃত্বে সন্ত্রাস প্রতিরোধে কাউন্সিলর সমন্বয় কমিটি নগরের রূপসা মোড়ে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অবস্থান করে এ কর্মসূচি পালন করে।এ সময় সিটি মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, অতীতে খুলনায় কোনো হত্যা মামলায় খুনিদের শাস্তি না হওয়ায় একের পর এক হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে। এ যাবত্ হত্যাকারী, হত্যার পরিকল্পনাকারী ও অর্থ যোগানদাতাদের পুলিশ চিহ্নিত করতে পারেনি। দুর্বল চার্জশিটের কারণে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিরা আইনের ফাঁক দিয়ে বেরিয়ে গেছে। পুলিশের এ দায়িত্বহীনতার কারণে শহীদ ইকবাল বিথারের খুনিরা যাতে পার পেয়ে না যায়, সে জন্য আন্দোলন চলবে।ওয়ার্ড কাউন্সিলর মুহাম্মদ আমান উল্লাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অবরোধ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আজমল আহমেদ, মো. আলী আকবর, জেড এম মাহমুদ, মো. গিয়াস উদ্দিন, গোলাম মওলা, ইমাম হাসান চৌধুরী, মো. মাহাবুব কায়সার, হালিমা ইসলাম, রোকেয়া ফারুক ও ফকির সাইফুল ইসলাম প্রমুখ।