বিডিআর বিদ্রোহ মামলা
খুলনা ২৩ রাইফেল ব্যাটালিয়নে ৫৯ বিডিআর সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন
বিডিআর বিদ্রোহ মামলায় খুলনায় ২৩ রাইফেল ব্যাটালিয়নের ৫৯ বিডিআর সদস্যের বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে খুলনা সেক্টর হেড কোয়ার্টারে অবস্থিত বিশেষ আদালত-১২-তে এই বিচারপ্রক্রিয়া শুরু হয়। এ সময় আদালতে অভিযুক্ত ৫৯ জন আসামির মধ্যে ১০ জন তাঁদের দোষ স্বীকার করেছেন বলে জানা গেছে।বিশেষ আদালত-১২-এর প্রধান বিচারক বিজিবি রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল এহিয়া আজম খান ও তাঁর দুজন সহযোগী লে. কর্নেল গাজী মো. খালিদ হোসেন ও লে. কমান্ডার মুহাম্মদ তৌহিদুল ইসলাম সকাল ১০টায় শুনানি শুরু করেন। আদালতে অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাঙ্ক শেখর সরকার ও মামলার প্রসিকিউটর ২৩ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহফুজুল হক উপস্থিত ছিলেন।আদালত সূত্রে জানা গেছে, প্রথমেই আদালতে অভিযুক্ত জওয়ানদের ১৫ মিনিটের একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। আদালত মামলার বাদী সুবেদার মেজর জালাল আহমেদের সাক্ষ্য গ্রহণ শেষে আটক ১৪ আসামির সাক্ষ্য নেন। তাঁদের মধ্যে ১০ জন আসামি নিজেদের দোষ স্বীকার করেন। পরে শুনানি শেষে আগামীকাল সকাল নয়টা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হয়েছে। শুনানি চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এর আগে গত বছরের ২৬ অক্টোবর বিডিআরের এসব সদস্যের বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগ আনা হয় এবং দুদিন আদালত চলার পর ২২ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়। উল্লেখ্য, পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনার জের ধরে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ২৩ রাইফেল ব্যাটালিয়ন খুলনার বেশ কিছু বিডিআর জওয়ান বিদ্রোহ করেন। ওই দিন বিদ্রোহী জওয়ানরা অস্ত্র নিয়ে তিনটি গেটে অবস্থান নেন। তাঁরা দুপুরের দিকে মেজর আজহারের গাড়িতে অগ্নিসংযোগ ও মেজর সারোয়ার-ই-আলম সিদ্দিকীর গাড়ি ভাঙচুর করেন।