খুলনায় আগামীকাল সকাল-সন্ধ্যা হরতাল
বিএনপির কর্মী বুলু মোল্লা ও যুবদলের নেতা গাজী নাছিম উদ্দিন হত্যার প্রতিবাদে আগামীকাল রোববার খুলনা জেলার নয়টি উপজেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপি।খুলনার তেরখাদা উপজেলার উত্তর কোলা বিলে গত বুধবার রাতে গণপিটুনির শিকার হন বিএনপির কর্মী বুলু মোল্লা (৫৫)। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বৃহস্পতিবার সকালে তিনি মারা যান। অন্যদিকে, বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা ৩৬ ঘণ্টার হরতালের শেষ দিনে গত বৃহস্পতিবার দুপুরে যুবলীগের কর্মীদের হাতে বেদম মারধরের শিকার হন ইউনিয়ন যুবদলের সহসভাপতি গাজী নাছিম উদ্দিন (৩০)। মুমূর্ষু অবস্থায় চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে তিনি মারা যান।এ দুই হত্যাকাণ্ডের প্রতিবাদে আগামীকাল রোববার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপি। গতকাল শুক্রবার সন্ধ্যায় খুলনা শহরের কেডি ঘোষ রোডে অবস্থিত দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ হরতালের ডাক দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা নগর সভাপতি নজরুল ইসলাম। এ ছাড়া, এ দুই নেতার রুহের মাগফিরাত কামনা করে আগামী সোমবার দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে বলেও জানান তিনি। এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা নুরুল ইসলাম, জেলা সম্পাদক শফিকুল আলম, জাফরুল্লাহ খান, ফজলে হালিমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।