খুলনায় এএসপির গাড়িতে ইটপাটকেল, পাল্টা গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার খেজুরতলা এলাকায় আজ সকাল আটটার দিকে জেলার সহকারী পুলিশ সুপারের (এএসপি) গাড়িতে হামলা চালিয়েছেন জামায়াত-শিবিরের কর্মীরা। এতে ওই পুলিশ কর্মকর্তা ও তাঁর গাড়িচালক আহত হন। এ সময় পুলিশ পাল্টা ৩২টি ফাঁকা গুলি ছোড়ে।পুলিশ ও এলাকাবাসী জানান, রূপসা সেতু এলাকায় দায়িত্ব পালন শেষে খুলনা শহরের দিকে যাচ্ছিলেন এএসপি ইমামুর রশীদ। তাঁকে বহনকারী গাড়িটি রূপসা সেতুর পার্শ্ববর্তী বটিয়াঘাটা থানার বাইপাস সড়কের হরিণটানা-খেজুরতলায় পৌঁছালে আচমকা হামলা চালায় পিকেটারেরা। তারা গাড়িটি লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এতে এএসপি ইমামুর রশীদ ও গাড়িচালক আমজাদ হোসেন আহত হন। এ সময় পিকেটারদের উদ্দেশে ৩২টি ফাঁকা গুলি ছুড়ে পুলিশ। পরে তারা গাড়িটি নিয়ে শহরের দিকে চলে যায়।এ ব্যাপারে এএসপি ইমামুর রশীদ প্রথম আলো ডটকমকে বলেন, হরতাল চলাকালে তিনি ভোর থেকে খুলনার রূপসা সেতু এলাকায় দায়িত্ব পালন করছিলেন। সকাল সোয়া আটটার দিকে খুলনায় যাচ্ছিলেন। হরিণটানা-খেজুরতলা এলাকায় পৌঁছার পর তিনি কিছু লোককে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করতে দেখেন। এ সময় হঠাত্ করে রাস্তার দুই পাশ থেকে প্রায় ২০০ জন দৌড়ে এসে তাঁকে বহনকারী গাড়িটি আটকানোর চেষ্টা করে। গাড়ি থামালে পিকেটারেরা তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি ইটপাটকেল ছুড়তে থাকে। তিনি বলেন, ‘আত্মরক্ষার্থে ৩২টি ফাঁকা গুলি ছোড়া হয়েছে। পরে সেখান থেকে চলে এসেছি আমরা।’