খুলনায় কাল জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা ও মহানগর জামায়াতে ইসলামী আগামীকাল বুধবার খুলনায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক সাংসদ মিয়া গোলাম পরওয়ারসহ নেতা-কর্মীদের গ্রেপ্তার, পুলিশি হামলার প্রতিবাদ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতেই এই হরতাল। জামায়াত সূত্র জানায়, মিয়া গোলাম পরওয়ারসহ সারা দেশে হাজার হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে আজ মঙ্গলবার দুপুরে খুলনা নগর জামায়াতের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল স্যার ইকবাল রোডের মতি মসজিদের সামনে পৌঁছালে পুলিশ বাধা দেয়। সেখানে পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। ওই ঘটনার পর বিকেলে খুলনা নগর ও জেলা জামায়াতে ইসলামীর যৌথ জরুরি সভা অনুষ্ঠিত হয়। এ প্রসঙ্গে খুলনা নগর জামায়াতের সহকারী সেক্রেটারি শাহ আলম বলেন, ‘গোলাম পরওয়ারসহ সারা দেশে অসংখ্য নেতা-কর্মীকে গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে আমরা আগামীকাল বুধবার খুলনায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছি।’সভায় সভাপতিত্ব করেন নগর আমির আবুল কালাম আজাদ। এতে বক্তব্য দেন জেলা আমির এমরান হোসাইন, নগর নায়েবে আমির অধ্যাপক আবদুল মতিন, সেক্রেটারি অধ্যাপক মাহফুজুর রহমান প্রমুখ।