খুলনায় গণমঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে খুলনা নির্দলীয় গণমঞ্চ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার রাতে কর্মসূচি ঘোষণা করেন গণমঞ্চের আহ্বায়ক সাইফুল ইসলাম।ঘোষিত কর্মসূচির মধ্যে আছে: ১ মার্চ বেলা সাড়ে তিনটায় গল্লামারী বধ্যভূমিতে মহাসমাবেশ ও ৮ মার্চ বেলা সাড়ে তিনটায় চুকনগর বধ্যভূমিতে মহাসমাবেশ। এ ছাড়া প্রতি শনিবার বেলা সাড়ে তিনটা থেকে শিববাড়ির মোড়ে অবস্থান কর্মসূচি ও জমায়েত অনুষ্ঠিত হবে। খুলনা বিভাগের বিভিন্ন জেলা, থানা, শিক্ষাপ্রতিষ্ঠান, মহল্লা, গ্রামে গ্রামে ও মোড়ে মোড়ে খুলনা নির্দলীয় গণমঞ্চের গণসংযোগ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দেওয়া হয়। এসব কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে টানা ১৮ দিন ধরে চলা কর্মসূচি গতকাল রাত নয়টায় শেষ হয়।খুলনা নির্দলীয় গণমঞ্চ থেকে নয় দফা উত্থাপন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হচ্ছে: জাতীয় পতাকায় অগ্নিসংযোগ ও শহীদ মিনার ভাঙচুরের ঘটনায় দায়ী ব্যক্তিদের ২৮ ফেব্রুয়ারির মধ্যে গ্রেপ্তার, আগামী ২৫ মার্চের মধ্যে যুদ্ধাপরাধীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ ও তাদের বিচারের আওতায় আনা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ২৫ মার্চের মধ্যে স্থায়ী ঘোষণা, বাদীপক্ষের যথেষ্ট তথ্য-প্রমাণ, দলিলাদি ও ভিডিও ফুটেজ উপস্থাপন, ২৫ মার্চের মধ্যে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামায়াত-শিবির এবং তাদের অঙ্গ সংগঠন ও মুখপত্র গণমাধ্যম নিষিদ্ধ করা।