খুলনায় ট্রাকচাপায় শিশুসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের শেরে বাংলা সড়কের হাজিবাড়ির মোড়ে আজ শুক্রবার সকালে একটি ট্রাক দুটি রিকশাভ্যানকে চাপা দিলে শিশুসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে তিনজন।নিহত ব্যক্তিরা হলেন মাগুরা জেলার শালিখা থানার সারুসনা গ্রামের কাকলী (২০), নগরের রায়পাড়া এলাকার শেফালি (১৭) ও তাঁর বোনের ছেলে বটিয়াঘাটা উপজেলার নিজ খামার গ্রামের মো. হায়দার আলীর এক দিনের শিশুসন্তান মো. ইসরাফিল।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে দুটি রিকশাভ্যান ১০ জন যাত্রী নিয়ে নগরের নিরালা মোড় থেকে গল্লামারীর দিকে যাচ্ছিল। হাজির মোড়ের কাছে পৌঁছলে পেছন থেকে আসা একটি ট্রাক রিকশাভ্যান দুটিকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে রিকশাভ্যানের যাত্রী ইসরাফিল, কাকলী ও শেফালি ঘটনাস্থলে নিহত হন। আহত হন মায়া বেগম (৪২), মোহাম্মদ মামুন (২০) ও আবদুস সাত্তার (৪৩)। তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত মামুন বলেন, ‘আমরা রিকশাভ্যানে করে যাচ্ছিলাম। হঠাত্ পেছন থেকে একটি ট্রাক এসে ভ্যান দুটিকে চাপা দিয়ে চলে যায়। এরপর আর কিছু জানি না। জ্ঞান ফেরার পর দেখি, আমি হাসপাতালে।’সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন আজাদ ঘটনা সম্পর্কে প্রথম আলো ডটকমকে বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। চালক পলাতক। মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।