খুলনায় দুটি বাসের সংঘর্ষে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় ডুমুরিয়া উপজেলায় আজ শনিবার সকালে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ২৫ আহত হয়েছে। নিহত ব্যত্তিদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন: পটুয়াখালীর আবদুল জলিল (৫৫) ও চক মথুরাবাদের মামুন মণ্ডল (২০)। ঘটনার সত্যতা নিশ্চিত করে ডুমুরিয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) তাপস বিশ্বাস প্রথম আলো ডটকমকে জানান, সকাল সাড়ে আটটার দিকে ডুমুরিয়ার কৈয়া-জিলেরডাঙ্গা মোড়ে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে খুলনাগামী একটি বাসের সঙ্গে সাতক্ষীরাগামী মোটর শ্রমিক ইউনিয়নের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর শ্রমিক ইউনিয়নের বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। আহত ব্যক্তিদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। আহত ব্যক্তিদের মধ্যে গফফার গাজী, মাসুদ আলী, ওলিয়ার রহমান, নূর ইসলাম, শহীদুল ইসলাম, তপন ঘোষ, খোকন হোসেন, আনিসুর রহমান ও অজ্ঞাতনামা তিনজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। অন্যরা প্রাথমিক চিকিত্সা নেন।