খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় তল্লাশি চালাতে গিয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তাঁর নাম বরুণ কুমার দে (৩০)। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।নিহত বরুণ নগরের খানজাহান আলী থানার পথেরবাজার পুলিশ ক্যাম্পের কনস্টেবল ছিলেন। তাঁর বাড়ি ভোলা জেলার সদর থানার কাপুটা গ্রামে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল রাতে হাবিলদার আবদুল হাকিম পাঁচজন পুলিশ সদস্যকে নিয়ে পথেরবাজার পুলিশ ক্যাম্পের সামনে টহল দিচ্ছিলেন। রাত পৌনে ১১টার দিকে একটি বেবিট্যাক্সিতে তল্লাশি চালান তাঁরা। এ সময় ট্যাক্সিতে থাকা তিন যুবকের মধ্যে একজন দৌড় দেয়। পুলিশ সদস্য বরুণ দৌড়ে তাঁকে জাপটে ধরেন। এ সময় ওই যুবক বরুণের গালে, বুকে, পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সহকর্মীরা বরুণকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেল কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।ওই তল্লাশির সময় পুলিশ একটি সেভেন গিয়ার ছুরিসহ শেখ মেহেদী হাসান (২১) নামের যুবককে গ্রেপ্তার করেছে। খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, ছিনতাই করতে ওরা শহরে ঢুকেছিল। তখন পথেরবাজারে তল্লাশির সময় সন্দেহভাজন এক ছিনতাইকারী পালাতে গেলে তাকে ধরতে গিয়ে কনস্টেবল বরুণ ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ঘটনায় ক্যাম্প ইনচার্জ উপপরিদর্শক হারুন-অর রশিদ বাদী হয়ে দুজনের নামে হত্যা মামলা দায়ের করেন।