খুলনায় নয়টি গাড়ি ভাঙচুর, আটটি ককটেল বিস্ফোরণ
খুলনায় আজ বৃহস্পতিবার ইসলামী ছাত্রশিবিরের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে নগরের বিভিন্ন স্থানে নয়টি গাড়ি ভাঙচুর করেছেন হরতাল-সমর্থকেরা। আটটি ককটেলের বিস্ফোরণও ঘটিয়েছেন তাঁরা। তবে কেউ হতাহত হয়নি।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নগরের শিরোমণি এলাকায় আজ সকাল সাড়ে ছয়টার দিকে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে খুলনা-যশোর সড়ক অবরোধ করেন শিবিরের নেতা-কর্মীরা। এ সময় তাঁরা একটি বাস ও পাঁচটি ইজিবাইক ভাঙচুর করেন। পরে পুলিশ সেখানে গেলে তাঁরা পালিয়ে যান।ফুলতলা বাজারে সকাল সাতটার দিকে একটি ঝটিকা মিছিল বের করেন শিবিরের নেতা-কর্মীরা। এ সময় তাঁরা হানিফ পরিবহনের একটি বাস ভাঙচুর করেন ও ছয়টি ককটেলের বিস্ফোরণ ঘটান। পরে পুলিশ ধাওয়া দিলে তাঁরা পালিয়ে যান।এদিকে, সকাল সাতটার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে শিবিরের কর্মীরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটান ও দুটি ইজিবাইক ভাঙচুর করেন। এ ছাড়া ভোর থেকে নগরের খানজাহান আলী সড়ক ও খুলনা-যশোর সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন হরতাল-সমর্থকেরা।